Explore

Search

November 22, 2026 2:18 am

IAS Coaching

সরকারি হাসপাতালেই মেয়াদোত্তীর্ণ ওষুধ! ৮ বছরের শিশুকে দেওয়া হল ৭ মাস আগে এক্সপায়ার হওয়া কাফ সিরাপ

#রায়গঞ্জ: সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পেলেন রোগী। তাও আবার ৮ বছরের এক শিশুকে। ঘটনাটি রায়গঞ্জের ভাটোল স্বাস্থ্যকেন্দ্রের। ওষুধ খাওয়ানোর আগেই মা বিষয়টি ধরে ফেলায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছে শিশুটি। কিন্তু ঘটনার পর কেটে গেছে ১০ দিন, এখনও অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। উল্টে অভিযোগকারী পরিবারকে ভয় দেখানো হচ্ছে বলে দাবি।

গত ১১ নভেম্বর রায়গঞ্জের মিলনপাড়ার বাসিন্দা মানিক ভৌমিক স্ত্রী ও ৮ বছরের ছেলেকে নিয়ে ভাটোলে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। হঠাৎ ছেলের প্রচণ্ড কাশি শুরু হয়। দিদা অনিতা বর্মন নাতিকে নিয়ে যান ভাটোল স্বাস্থ্যকেন্দ্রে। চিকিৎসক প্রেসক্রিপশনে একটি কাফ সিরাপ লিখে দেন। সেই স্লিপ নিয়ে কাউন্টারে গেলে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী স্লিপটি রেখে একটি সিরাপের বোতল ধরিয়ে দেন।

বাড়ি ফিরে ছেলেকে ওষুধ খাওয়াতে যাবেন, তখনই চোখে পড়ে মায়ের। বোতলের গায়ে স্পষ্ট লেখা – ম্যানুফ্যাকচারিং ডেট ২০২৪ সালের মে মাস, এক্সপায়ারি ডেট ২০২৬ সালের এপ্রিল মাস। অর্থাৎ ঘটনার দিনের হিসেবে প্রায় ৭ মাস আগেই মেয়াদ শেষ! গায়ে আরও লেখা – ‘ওয়েস্ট বেঙ্গল গভঃ সাপ্লাই, নট ফর সেল’।

মানিক ভৌমিকের অভিযোগ, শুধু তাঁর ছেলেই নয়, সেদিন আরেক গ্রামবাসীকেও এমন একটি ওষুধ দেওয়া হয়েছিল, যার এক্সপায়ারি ডেট লেখা জায়গাটাই ছেঁড়া ছিল। সেদিনই ভাটোল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন মানিক ভৌমিক।

মানিক ভৌমিক বলেন, “আমার শাশুড়ি গ্রামের সাধারণ মানুষ, অত পড়াশোনা জানেন না বলে ধরতে পারেননি। বাড়িতে আমার স্ত্রী প্রথম দেখে আমাকে ডাকে। সরকারি হাসপাতাল থেকে কী করে এমন মেয়াদ শেষ হওয়া ওষুধ দেওয়া হয়?”

তাঁর আরও অভিযোগ, “অভিযোগ করার পর থেকে শ্বশুরবাড়ির লোকেদের নানান ভাবে ভয় দেখানো হচ্ছে। তার মানে এই অসাধু চক্রের পেছনে নিশ্চয়ই কোনও ক্ষমতাবান লোক রয়েছে। আমরা চাই দোষীরা উপযুক্ত শাস্তি পাক।”

এ বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” কিন্তু কবে তদন্ত শেষ হবে, কবে শাস্তি হবে – সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। গ্রামের সাধারণ মানুষের প্রশ্ন, সরকারি হাসপাতালেও যদি মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয়, তাহলে তাঁরা যাবেন কোথায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja