
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলা যুব সংসদ প্রতিযোগিতায় সেরার শিরোপা ছিনিয়ে নিল কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুল। প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের সুবাদে চ্যাম্পিয়নের ট্রফির পাশাপাশি ৬০ হাজার টাকার পুরস্কার জিতে নিল স্কুলের ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের কর্ণজোড়া হাই স্কুলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের আধিকারিকরা।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র। তাদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি ও ৪০ হাজার টাকার চেক। অন্যদিকে, দ্বিতীয় রানারআপ হয়ে তৃতীয় স্থান অধিকার করে ডালখোলা হাই স্কুল। তাদের পুরস্কার হিসেবে দেওয়া হয় ট্রফি ও ২৫ হাজার টাকার চেক।

শুধু দলগত প্রতিযোগিতাতেই নয়, বিভিন্ন ব্যক্তিগত বিভাগেও নজরকাড়া সাফল্য পেয়েছে জেলার একাধিক স্কুলের পড়ুয়ারা। প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুলের অনুরাগ সরকার। দ্বিতীয় হয় সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের স্নেহাদিত্য দাস এবং তৃতীয় স্থান অর্জন করে চাকুলিয়া হাই স্কুলের ছাত্রী সায়ন্তিকা দাস।

তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতাতেও প্রথম স্থান দখল করে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী হাই স্কুলের সংকল্প চক্রবর্তী। দ্বিতীয় হয় রায়গঞ্জ গার্লস হাই স্কুলের পর্ণশ্রী মাহাতো এবং তৃতীয় স্থান পায় কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাই স্কুলের আসমা উজ জামান।

অন্যদিকে, আকর্ষণীয় প্রশ্নোত্তর প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র। প্রথম রানারআপ হয় বানবোল হাই স্কুল এবং দ্বিতীয় রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে ইটাহার হাই স্কুলের ছাত্রছাত্রীরা।

জেলা যুব সংসদের এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যুক্তিনির্ভর বক্তব্য, প্রবন্ধ রচনা ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতায় দক্ষতা নজর কেড়েছে। এই সাফল্য পড়ুয়াদের মধ্যে সংসদীয় গণতন্ত্র, নেতৃত্বদানের ক্ষমতা, সমসাময়িক বিষয়ে সচেতনতা এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে বিশেষ ভূমিকা নেবে বলে জানিয়েছে শিক্ষামহল।




