#মালবাজার: রেলের প্লাটফর্মেই দীর্ঘদিন যাবত জম ছিল আবর্জনা। তৈরি হয়ে উঠেছিল এক ডাম্পিং গ্রাউন্ড। দুর্গন্ধে আশেপাশে যাওয়া যেত না, ছড়াচ্ছিল দূষণ। পৌরসভা মাঝেমধ্যে পরিষ্কার করলেও আবারো জমা হত নানান আবর্জনা। এ নিয়ে বিভিন্ন সময় সংবাদ পরিবেশিত হয়েছে। বিভিন্ন মহল থেকে রেল কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার রেল কর্তৃপক্ষ রীতিমতো ব্যানার টাঙিয়ে দিয়ে নিষেধাজ্ঞা জারি করল। মালবাজার রেল স্টেশন শহরের একটি গুরুত্বপূর্ণ স্থান। এই রেল স্টেশনকে কেন্দ্র করে শহর গড়ে ওঠার কাহিনী লোকমুখে শোনা যায়।

স্টেশনের প্ল্যাটফর্মের গা ঘেঁষে গড়ে উঠেছে শহরের ডেইলি মার্কেট। প্রতিদিন হাজার হাজার মানুষ মাছ মাংস সবজি ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে আসেন। বেচাকেনার মাঝখান থেকে তৈরি হয় নানান বহ্য ও আবর্জনা। সেই সব আবর্জনা দীর্ঘদিন যাবত মালবাজার স্টেশন প্লাটফর্মের উত্তর-পশ্চিম কোণে ফেলা হচ্ছিল।

আমিও ব্যবসায়ী থেকে শুরু করে আশেপাশে মানুষজনও ওখানে আবর্জনা ফেলে যেতেন। পৌরসভা মাঝেমধ্যে পরিষ্কার করলেও আবার জমে উঠত আবর্জনার স্তুপ। এভাবেই চলছিল বছরের পর বছর। অবশেষে রেল কর্তৃপক্ষ নোটিশ দিয়ে ব্যবস্থা গ্রহণে তৎপর হয়ে উঠেছে। এই বিষয় নিয়ে রেলের এক বাস্তুকার বলেন, ওই এলাকার পাশেই রয়েছে রেলের হাসপাতাল এবং রেল কর্মীদের কোয়াটার। দুর্গন্ধে অনেকেই অতিষ্ঠ হয়ে উঠতেন। বাধ্য হয়েই ব্যবস্থা নেওয়া হয়েছে।







