Explore

Search

November 20, 2026 2:27 am

IAS Coaching

বিধায়ক কৌশিক চৌধুরীর হস্তক্ষেপে উঠল বেসরকারি পরিবহনের ধর্মঘট, শুক্রবার থেকেই স্বাভাবিক পরিষেবা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শেষ পর্যন্ত উঠল উত্তর দিনাজপুর জেলার বেসরকারি যাত্রী পরিবহনের ধর্মঘট। শিক্ষা ও দমকল দপ্তরের প্রতি মন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীর বিশেষ হস্তক্ষেপ ও অনুরোধে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন বাস, মিনিবাস, ট্রেকার ও অটো মালিক সংগঠনগুলি। ফলে শুক্রবার, ২০ নভেম্বর থেকেই জেলার সমস্ত বেসরকারি যাত্রী পরিবহন পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরছে।

 

উল্লেখ্য, একাধিক দাবিকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলা বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং রায়গঞ্জ ট্রেকার অ্যান্ড অটো ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী ১৮, ১৯ ও ২০ নভেম্বর তিন দিনব্যাপী বেসরকারি যাত্রী পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এই ধর্মঘটের জেরে জেলার সাধারণ যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছিল।

বৃহস্পতিবার সংগঠনগুলির পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, দমকলমন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরীর বিশেষ অনুরোধকে সম্মান জানিয়ে ২০ নভেম্বর থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হল। ফলে শুক্রবার থেকে বাস, মিনিবাস, ট্রেকার ও অটো-সহ জেলার সমস্ত বেসরকারি যাত্রী পরিবহন পরিষেবা আগের মতোই স্বাভাবিকভাবে চালু থাকবে।

বিষয়টি নিশ্চিত করে উত্তর দিনাজপুর জেলা বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামাণিক জানান, বিধায়কের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতেই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ধর্মঘট প্রত্যাহারের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জেলার নিত্যযাত্রী, কর্মজীবী মানুষ, পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ। বিশেষ করে জেলার গ্রামীণ এলাকার যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক থাকায় আপাতত বড়সড় পরিবহন সমস্যার আশঙ্কা কাটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja