Explore

Search

June 2, 2026 10:01 pm

IAS Coaching

হরমুজ প্রণালী খুলল, যুদ্ধবিরতি পর্যন্ত জাহাজ চলাচলে ছাড়

#নিউ দিল্লিঃ মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ইরান। অবশেষে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়া হল। সংশ্লিষ্ট দেশগুলির সম্মতিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা পর্যন্ত এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ছাড় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণ এই হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। সাম্প্রতিক সামরিক সংঘাতের জেরে প্রণালীটি কার্যত অচল হয়ে পড়েছিল, ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ব্যাপক অস্থিরতা তৈরি হয়। এই পরিস্থিতিতে প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

কূটনৈতিক সূত্রে খবর, যুদ্ধবিরতির শর্ত মেনে নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বাণিজ্যিক জাহাজগুলিকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, ফলে নজরদারি জোরদার রাখা হয়েছে সংশ্লিষ্ট জলসীমায়।

ভারতের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের জ্বালানি আমদানির বড় অংশই এই পথ দিয়ে আসে। ফলে হরমুজ প্রণালী খুলে যাওয়ায় সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।

তবে আন্তর্জাতিক মহলের একাংশের মতে, যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী না হলে পরিস্থিতি ফের জটিল হয়ে উঠতে পারে। তাই আপাতত স্বস্তি মিললেও, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ভর করছে মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপরই।

Advertisement
Live Cricket Score
upskillninja