
#কাঠমান্ডুঃ বঙ্গোপসাগরে তৈরি হতে থাকা ঘূর্ণিঝড়ের প্রভাবে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের আশঙ্কা হিমালয় অঞ্চলে। আগামী ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উঁচু পার্বত্য এলাকায় ভারী তুষারপাতের পাশাপাশি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে পর্বতারোহী ও ট্রেকারদের বাড়তি সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার এই সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে নেপাল সরকারের তরফে সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। নিম্নচাপের প্রভাবে পাহাড়ি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়লে ভূমিধস, রাস্তা বন্ধ হয়ে যাওয়া এবং যাতায়াতে বিঘ্নের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উচ্চ হিমালয়ে তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ, এই সময়ে উঁচু পাহাড়ি এলাকায় অপ্রয়োজনে যাতায়াত এড়িয়ে চলা উচিত। যাঁরা ইতিমধ্যেই ট্রেকিং বা পর্বতারোহণে রয়েছেন, তাঁদের নিয়মিত আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখতে হবে। প্রতিকূল পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ ও খোলা পার্বত্য এলাকায় এগিয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ছুটির মরশুমে হিমালয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্র ও ট্রেকিং রুটে পর্যটকদের যাতায়াতের কথা মাথায় রেখে এই সতর্কবার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। আগামী কয়েক দিন নেপাল-সহ হিমালয় অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা থাকলে স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দফতরের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

নেপালের আবহাওয়া ও জলবিদ্যা বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। ৩০ ও ৩১ অক্টোবর বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের আশঙ্কা রয়েছে একাধিক অঞ্চলে। কোশি, মধেশ, বাগমতী, গণ্ডকী ও লুম্বিনী প্রদেশে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। একই সঙ্গে কর্ণালি ও সুদূরপশ্চিম প্রদেশের কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার প্রতিকূলতার জেরে হিমালয়ের উঁচু এলাকায় ভারী তুষারপাত, তুষারঝড় এবং তুষারধসের ঝুঁকি তৈরি হতে পারে। ফলে ট্রেকিং ও পর্বতারোহণের পরিকল্পনা আপাতত সতর্কতার সঙ্গে করার পরামর্শ দেওয়া হয়েছে। যাঁরা ইতিমধ্যেই পাহাড়ে রয়েছেন, তাঁদের নিরাপদ স্থানে থাকার এবং স্থানীয় গাইড ও প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

তবে বৃষ্টিপাতের সঠিক পরিমাণ, কোন কোন এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে এবং পরিস্থিতি কতটা বিপজ্জনক হতে পারে, তা এখনও নিশ্চিত নয়। আবহাওয়া পরিস্থিতির গতিপ্রকৃতির উপর নজর রেখে পরবর্তী সময়ে নতুন নির্দেশিকা জারি করা হতে পারে।
পর্যটক ও পর্বতারোহীদের জন্য সতর্কবার্তা হিসেবে বলা হয়েছে ,আগামী কয়েক দিন হিমালয় ভ্রমণের পরিকল্পনা থাকলে যাত্রার আগে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস যাচাই করা জরুরি। বিশেষত দুর্গম ও উচ্চ পার্বত্য এলাকায় অপ্রয়োজনে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।



