Explore

Search

November 29, 2026 2:52 am

IAS Coaching

শীতের আমেজে জেলা জুড়ে জমজমাট ভাপা পিঠার বাজার

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ প্রতি বছরের মত এবারও শীতের হালকা আমেজ পড়তেই দিনাজপুরের বাঙালির রসনাতৃপ্তিতে যোগ হয়েছে নতুন মাত্রা। আর সেই স্বাদের অন্যতম আকর্ষণ ভাপা পিঠা। শীতের সকাল হোক কিংবা সন্ধ্যা, গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠার স্বাদ নিতে এখন মজেছেন জেলার সদর শহর থেকে শহরতলির বাসিন্দারা।

রায়গঞ্জ শহরের প্রায় প্রতিটি পাড়ার মোড়ে মোড়ে বসতে শুরু করেছে ভাপা পিঠার অস্থায়ী দোকান। কোথাও উনুনের ওপর বসানো হাঁড়ি থেকে উঠছে ধোঁয়া, কোথাও আবার ক্রেতাদের ভিড় সামলাতে ব্যস্ত পিঠা বিক্রেতারা। চালের গুঁড়ো, নারকেল ও গুড়ের মিশেলে তৈরি এই ঐতিহ্যবাহী পিঠার গন্ধে শীতের সন্ধ্যাগুলি যেন আরও মধুর হয়ে উঠছে।

সুবিমল পাত্র নামে এক ক্রেতা বলেন, এই পিঠার দামও সাধারণ মানুষের নাগালের মধ্যেই। মোটামুটি ১০ টাকা পিস দরে মিলছে এই সুস্বাদু ভাপা পিঠা। কোথাও পিঠার সঙ্গে পরিবেশন করা হচ্ছে সুগন্ধি খেজুরের গুড়, আবার কোথাও থাকছে আখের গুড়ের স্বাদ। পছন্দমতো গুড় দিয়ে গরম পিঠা খাওয়ার আনন্দই আলাদা। স্টেশন রোডে আবার সাথে মিলছে ধনেপাতার চাটনি।

বিশেষ করে সন্ধ্যার পর চায়ের দোকান কিংবা পাড়ার মোড়ে ভাপা পিঠার দোকানগুলিতে ভিড় বাড়ছে। সুকান্ত মোড় এলাকার বিক্রেতা তরু বালা দেবী বলেন, ছোট থেকে বড়, সকলের কাছেই এই শীতকালীন খাবারের কদর সমান। অনেকেই বাড়ি ফেরার পথে পরিবারের সদস্যদের জন্যও কিনে নিয়ে যাচ্ছেন গরম পিঠা।

আধুনিক খাবারের নানা বাহারি আয়োজনের মধ্যেও বাঙালির ঐতিহ্যবাহী ভাপা পিঠার জনপ্রিয়তা যে আজও অমলিন, শীতের শুরুতেই রায়গঞ্জের পাড়ায় পাড়ায় তারই প্রমাণ মিলছে। শীত যত বাড়বে, ভাপা পিঠার চাহিদাও তত বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja