
#কোলকাতাঃ বিদ্যালয়ে পরীক্ষার সময় এক ছাত্রের আঁকা দেবী সরস্বতীর ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগে মালদার এক সহকারী শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ দিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ তারিখে পর্ষদের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মালদার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক মহঃ আফতাব উদ্দিন-এর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে। অভিযোগ, গত ২৬ নভেম্বর বিদ্যালয়ে সপ্তম শ্রেণির কর্মশিক্ষা ও শারীর শিক্ষা পরীক্ষা চলাকালীন এক ছাত্রের আঁকা দেবী সরস্বতীর ছবি ছিঁড়ে দেন ওই শিক্ষক। এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সংশ্লিষ্ট অভিভাবকের অভিযোগ পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষও প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচোল থানার পুলিশ।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থে পর্ষদের অ্যাড-হক কমিটি সংশ্লিষ্ট বিধি মেনে ওই শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশ জারি করে।

পর্ষদের নির্দেশ অনুযায়ী, ঘটনার তদন্ত সম্পূর্ণ হওয়া এবং পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের সাসপেনশন বহাল থাকবে। এই ঘটনাকে ঘিরে শিক্ষা মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।






