Explore

Search

November 26, 2026 11:01 pm

IAS Coaching

বিয়ে করে বৌ নিয়ে বাড়ি ফেরার পথে মন্দিরে প্রণাম করতে গিয়ে বিপত্তি, বদলে গেল নববধূ!

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ বিয়েবাড়িতে আনন্দ, উল্লাস, ব্যান্ডপার্টির বাজনা আর বরযাত্রীদের হইহুল্লোড়—সবই ছিল। কিন্তু সেই আনন্দের মধ্যেই যে এমন এক কাণ্ড ঘটে যাবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কেউ! মন্দিরে প্রনাম দিতে গিয়ে কার্যত বদলে গেল বর-বউ!

ঘটনাটি রায়গঞ্জের দেবীনগর ডাকাত কালীবাড়ি মন্দিরের। বিয়ে সেরে নতুন বউকে নিয়ে বাড়ি ফেরার পথে মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে হাজির হয় একের পর এক বরযাত্রীর দল। সন্ধ্যা নামতেই মন্দির চত্বরে জমে ওঠে ভিড়। সঙ্গে ব্যান্ডপার্টি, আলোর রোশনাই, বর-কনের সাজ আর আত্মীয়স্বজনের ভিড়। সব মিলিয়ে একেবারে জমজমাট পরিবেশ।

কিন্তু বিপত্তি বাধল যখন একসঙ্গে প্রায় ২৫-২৬ জোড়া বর-কনে মন্দির চত্বরে হাজির হলেন। ভিড়ের মধ্যে কে কার বর, আর কে কার বউ, তা বুঝে ওঠাই যেন দায়! এরই মধ্যে এক বর নিজের নববধূর বদলে অন্য এক নববধূর হাত ধরে মন্দিরে প্রণাম করতে শুরু করে দেন। প্রথমে বিষয়টি কারও নজরে না এলেও বরযাত্রীদের চোখ এড়ায়নি সেই দৃশ্য।

ব্যস! তারপর আর কী! শুরু হয়ে যায় চাপা হাসি, ফিসফাস আর রসিকতা। কেউ হয়তো মনে মনে ভাবলেন, বিয়ের পরেই বউ বদলের এমন অভিনব ঘটনা! আবার কেউ মজা করে প্রশ্ন তুললেন, তাহলে কি কালীমায়ের আশীর্বাদ নিতে গিয়ে ভাগ্যই বদলে গেল?

তবে না, শেষ পর্যন্ত সংসার বদলানোর কোনও ঘটনা ঘটেনি। বরং দু’পক্ষের বরযাত্রীদের হাসি-ঠাট্টা আর আনন্দের মধ্য দিয়েই মিটে যায় সাময়িক অস্বস্তি। নিজের নিজের জীবনসঙ্গীকে চিনে নিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফেরেন নবদম্পতিরা।

মন্দিরে প্রণাম করতে গিয়ে এমন বর-বউ বদলের কাণ্ড যে বিয়েবাড়ির আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে, তা বলাই বাহুল্য। আপাতত দেবীনগর ডাকাত কালীবাড়ির এই ঘটনা নিয়ে হাসির রসদ পেয়েছেন উপস্থিত বরযাত্রী থেকে দর্শনার্থী—সকলেই।

উপস্থিত এক বরকর্তা অভিজিৎ বিশ্বাস বলেন, এমন ঘটনা কোনো দিন শুনিনি। আসলে আজ একসাথে এত সংখ্যায় বিয়ে হয়েছে যে, তা আর বলার নয়। এতে এমন ঘটনা সত্যি সত্যিই ভীষণ ছোট। তিনি আরও, বিয়ের মণ্ডপে মন্ত্র পড়ে, সাতপাকে বাঁধা পড়ার পর, মন্দিরে গিয়ে বউ চিনতে ভুল! ভাগ্যিস, শেষ পর্যন্ত কালীমায়ের কৃপায় যার বউ তার ঘরেই ফিরলেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja