
#চন্দ্র নারায়ণ সাহা, কলকাতাঃ বুধবার কলকাতার মল্লিকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজে সক্রিয় ভূমিকা পালন করলেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও ঘটনাস্থলে উপস্থিত থেকে অগ্নিনির্বাপণ প্রক্রিয়ার তদারকি করেন তিনি। দমকল কর্মী ও আধিকারিকদের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলে।

অগ্নিকাণ্ডের পর দমকল বিভাগের কর্মী ও আধিকারিকদের সাহসিকতা, দক্ষতা এবং কর্তব্যনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, নিজেদের জীবনের ঝুঁকি উপেক্ষা করে মানুষের জীবন, সম্পত্তি ও নিরাপত্তা রক্ষায় দমকল কর্মীরা যে ভূমিকা পালন করছেন, তা সত্যিই প্রশংসনীয়।

প্রতিমন্ত্রী তাঁদের পেশাদারিত্ব, মানবিক দায়বদ্ধতা ও কর্তব্যনিষ্ঠাকে রাজ্যের গর্ব বলে অভিহিত করেন। একই সঙ্গে বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করা সমস্ত অগ্নিনির্বাপকের নিরাপত্তা কামনা করেন তিনি।

দমকল কর্মীদের উদ্দেশে কৃতজ্ঞতা জানিয়ে কৌশিক চৌধুরী বলেন, তাঁদের এই নিরলস সেবা ও আত্মত্যাগের জন্য সমগ্র রাজ্যবাসী তাঁদের পাশে রয়েছে। সাহসী অগ্নিনির্বাপকদের প্রতি শ্রদ্ধা ও স্যালুট জানিয়ে তিনি মানবতা ও সাহসের জয় কামনা করেন।

মল্লিকবাজারের এই অগ্নিকাণ্ডে দমকল বিভাগের কর্মীদের পাশাপাশি দায়িত্বশীল মন্ত্রী হিসেবেও কৌশিক চৌধুরীর ঘটনাস্থলে উপস্থিতি ও তদারকিতে ভীষণ খুশী স্থানীয়রা।






