
#শুভজিৎ দাস, রায়গঞ্জ: প্রায় দশ বছর ধরে সামাজিক মাধ্যমে তথা নিউজ পোর্টালে খবর পরিবেশন করে আসছে নিউজ বৃত্তান্ত। এবার ডিজিটালের গণ্ডি ছাড়িয়ে প্রিন্ট মিডিয়ায় পা রাখল সংস্থাটি। বুধবার নিউজ বৃত্তান্তের উদ্যোগে প্রকাশিত হলো পাক্ষিক পত্রিকার প্রথম সংস্করণ।

উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকার আনুষ্ঠানিক উন্মোচন হয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস, উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত সরকার, শিক্ষাবিদ সুশীল গোস্বামী, শুভেন্দু মুখার্জি, ইতিহাসবিদ বৃন্দাবন চন্দ্র ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন আনুষ্ঠানিকভাবে পত্রিকাটির উন্মোচন হয় বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে।

এদিন নিউজ বৃত্তান্তের সম্পাদক কৌশিক চ্যাটার্জী বলেন, “এক ঐতিহাসিক মুহূর্ত। ১০ বছর ধরে সামাজিক ডিজিটাল মাধ্যমে খবর পরিবেশনার পাশাপাশি আজ থেকে নিউজ বৃত্তান্ত মানুষের আরো কাছে পৌঁছানোর রাস্তা খুঁজে নিল।”

পত্রিকা প্রকাশের ভাবনা নিয়ে তিনি বলেন, “আমরা বেশ কিছুদিন ধরে, কয়েক মাস ধরেই চিন্তা ভাবনা করছিলাম যে একটা পাক্ষিক পত্রিকা করার। কারণ নিউজ বৃত্তান্ত প্রায় দশ বছর হতে চলল। ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং পোর্টালে আমরা দায়িত্বের সাথে খবর পরিবেশন করে আসছি। পরবর্তীতে আমাদের মনে হয়েছে, পাক্ষিক পত্রিকা করলে খবরের অনেক বিস্তারিতভাবে খবর আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারব।” সেই সঙ্গে তার আরও জানান যারা খুব বেশি মোবাইল ব্যবহার করেন না, তাঁদের কাছে পৌঁছানোর এটা একটা প্রচেষ্টা।

ডিজিটাল যুগে প্রিন্ট মিডিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের উত্তরে কৌশিকবাবু বলেন, “মোবাইল ফোনে যে খবরগুলো পড়া হয়, সেগুলো খুবই ছোট আকারে আসে। প্রিন্ট আকারে যখন যাবে, তখন মানুষ আরও ভালো করে পড়তে পারবে। টিভি বা ডিজিটাল মিডিয়া আসার পরেও পেপার তার নিজের জায়গা ধরে রেখেছে এখনো।

নতুন এই পত্রিকায় কী থাকছে? এই প্রসঙ্গে তিনি জানান, “মানুষের কাছে আমরা নতুন ধরনের খবর পৌঁছে দিতে চাই। যে খবরগুলো আমরা ইনসিডেন্ট হিসেবে দেখি, সেগুলোর ভেতরকার কি ঘটনা ছিল, তার তথ্যভিত্তিক স্টোরি যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে মানুষ এটাকে গ্রহণ করবে। আরও কিছু সাহিত্য, বিভিন্ন ধরনের কবিতা, জেলার বিভিন্ন ধরনের ইতিহাস এরকম নতুন কিছু জিনিস পাঠকদের সামনে তুলে আনতে পারলে আমাদের এই পেপারের চিন্তা ভাবনা সফল হবে বলে তিনি আশাবাদী।




