Explore

Search

September 17, 2026 2:50 pm

IAS Coaching

করণদিঘিতে প্রাক্তন বিধায়ককে ডিম ছোড়া ও হেনস্তার অভিযোগ, মুখ খুললেন গৌতম পাল, ডাক দিলেন বিরোধী ঐক্যের

#শুভজিৎ দাস, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের করণদিঘিতে ব্যক্তিগত কাজে BDO অফিসে গিয়ে হেনস্তার শিকার হলেন প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা গৌতম পাল। মঙ্গলবার BDO অফিস চত্বরে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং তাঁর মুখে ও গায়ে ডিম ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় পড়ে যান তিনি। কোনোমতে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ, উত্তরবঙ্গে এই প্রথম কোনও প্রাক্তন তৃণমূল বিধায়ক এভাবে প্রকাশ্যে আক্রান্ত হলেন।

এই ঘটনার পর বুধবার সরাসরি সাংবাদিকদের মুখোমুখি হন গৌতম পাল। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করেন তিনি। সাংবাদিক বৈঠকে গৌতম পাল বলেন, “একদল দুষ্কৃতকারী এই ধরনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে। কিছু জনকে আমি চিহ্নিত করতে পেরেছি। তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাব।” তবে এই ঘটনার পিছনে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম করেননি তিনি। তাঁর কথায়, ঘটনাস্থলে কোনও দলীয় পতাকা ছিল না।

বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, গত বিধানসভা নির্বাচনে করণদিঘি বিধানসভা কেন্দ্রে তিনি প্রায় ৭৬ হাজার ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন। তাই এখনও একাংশ মানুষের সমর্থন তাঁর প্রতি রয়েছে। ১০০ থেকে ১৫০ জনের বিক্ষোভের জন্য তিনি করণদিঘির মাটি ছাড়বেন না। আগামী দিনেও রাজনীতিতে থাকবেন বলে জানান তিনি। পাশাপাশি বিরোধী দলগুলিকে একজোট হওয়ার বার্তাও দেন, যদিও ‘বিরোধী’ বলতে তিনি কাদের বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি।

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে গৌতম বাবু জানান, এই মুহূর্তে তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই। নির্বাচনের পর থেকে তৃণমূলের কোনও নেতৃত্বের সঙ্গেও তাঁর কথা হয়নি। কংগ্রেস, বিজেপি সহ অন্য কোনও দলে যোগ দেবেন কিনা, সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি।

তিনি আরও বলেন, “ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। এই দেশে ব্যক্তিগত প্রয়োজনে স্বাধীনভাবে চলাফেরার অধিকার সকলের রয়েছে। তা যদি খর্ব হয়, তবে আমি অবশ্যই লড়াইয়ের ময়দানে রয়েছি।” ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
Live Cricket Score
upskillninja