
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহ দিতে উত্তর দিনাজপুর জেলায় চালু করা হলো বিশেষ নির্বাচনী মাসকট ‘তুলী’।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ‘তুলী’ নামটি নেওয়া হয়েছে জেলার বিখ্যাত সুগন্ধি চাল তুলাইপাঞ্জি থেকে। এই চাল যেমন উত্তর দিনাজপুরের ঐতিহ্য ও পরিচয়ের প্রতীক, তেমনি ‘তুলী’ও হয়ে উঠবে জেলার গণতান্ত্রিক চেতনার প্রতীক—এমনটাই মনে করছেন আধিকারিকরা।

এই মাসকটের মূল উদ্দেশ্য হলো ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, বিশেষ করে নতুন ও তরুণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করা। বিভিন্ন প্রচার কর্মসূচি, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, স্কুল-কলেজের অনুষ্ঠান এবং গ্রামীণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রমে ‘তুলী’কে ব্যবহার করা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তুলী’ শুধু একটি প্রতীক নয়, এটি মানুষের সঙ্গে আবেগের সংযোগ তৈরি করবে। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে তৈরি এই মাসকট সাধারণ মানুষের কাছে সহজেই গ্রহণযোগ্য হবে বলে আশা করা হচ্ছে।

জেলার এক আধিকারিক বলেন, “তুলাইপাঞ্জি চাল উত্তর দিনাজপুরের গর্ব। সেই গর্বকে সামনে রেখেই ‘তুলী’ নামকরণ করা হয়েছে। আমরা চাই, এই মাসকটের মাধ্যমে ভোটদানের গুরুত্ব প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাক।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্দেশে দেশের বিভিন্ন জেলায় ভোটার সচেতনতা বৃদ্ধির জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তারই অংশ হিসেবে উত্তর দিনাজপুরে ‘তুলী’-র আত্মপ্রকাশ নিঃসন্দেহে একটি অভিনব পদক্ষেপ। এখন দেখার, এই নতুন মাসকট কতটা মানুষের মন জয় করে এবং ভোটার উপস্থিতি বাড়াতে কতটা সফল হয়।






