Explore

Search

May 19, 2026 9:03 pm

IAS Coaching

বিবাহবার্ষিকীতেই মানবিক সিদ্ধান্ত, মরণোত্তর দেহদানের অঙ্গীকার ইসলামপুরের আইনজীবী দম্পতির

#চন্দ্র নারায়ণ সাহা, ইসলামপুর: মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইসলামপুরের এক আইনজীবী দম্পতি। নিজেদের বিবাহবার্ষিকীর দিনেই মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন ইসলামপুরের আইনজীবী চিরন্তন দেবনাথ ও মৌমিতা রায় চৌধুরি। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ইসলামপুর বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে রবিবার ইসলামপুর টাউন লাইব্রেরিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তাঁরা এই মহতী সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানান, সমাজে দেহদান ও অঙ্গদানের মতো মানবকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোই তাদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়। এদিন বিবাহবার্ষিকীর বিশেষ দিনে মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে এই দম্পতির সিদ্ধান্তকে সাধুবাদ জানান উপস্থিত সকলে।

চিরন্তন দেবনাথ ও মৌমিতা রায় চৌধুরি জানান, মৃত্যুর পর তাঁদের দেহ যদি চিকিৎসা বিজ্ঞান ও গবেষণার কাজে লাগে, তাহলে সেটাই হবে তাঁদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তাঁরা সমাজের অন্যদেরও এই ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক পার্থ প্রতীম ভদ্র বলেন, দেহদান চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা বাড়লে ভবিষ্যতে চিকিৎসা শিক্ষার ক্ষেত্র আরও সমৃদ্ধ হবে। এদিনের অনুষ্ঠানে বিজ্ঞান মঞ্চের একাধিক সদস্য, স্থানীয় বিশিষ্টজন ও পাঠাগারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দম্পতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

Advertisement
Live Cricket Score
upskillninja