
#মালবাজার: তরাই ও ডুয়ার্সে দশটি বিধানসভা আসনে আসন টার্গেট নিয়ে শুক্রবার মালবাজার শহরের বুকে জন্ম হলো এক নতুন রাজনৈতিক দলের। নতুন এই রাজনৈতিক দল বদলে দিতে পারে আগামী দিনের ডুয়ার্সের রাজনৈতিক সমীকরণ, এমনটাই ধারণা ডুয়ার্সের রাজনৈতিক বিশ্লেষকদের।

মালবাজার শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ভবনে শুক্রবার দুপুরে ” তরাই ডুয়ার্স জনশক্তি ফ্রন্ট ” নামের এক রাজনৈতিক দলের যাত্রাপথ সুচিত হল। আনুষ্ঠানিকভাবে ভবনের ফিতা কেটে নতুন দলের চলার পথের দিক নির্দেশ করলেন দার্জিলিং পৌরসভার বিদায়ী চেয়ারম্যান অজয় এডওয়ার্ড। সেখানে উপস্থিত ছিলেন ডুয়ার্সের বিশিষ্ট আদিবাসী নেতা রাজেশ লাকরা, ডা:জয়প্রফুল্ল লাকরা, চন্দন লোহারা প্রমুখ।

নতুন দলের নতুন ভবনের উদ্বোধন করে অজয় এডওয়ার্ড বলেন, পাহাড়, তরাই ও চা বাগানের ভালো নেই। মাত্র ২২০ টাকা দৈনিক মজুরি কিম্বা ৫ ডেসিমাল জমিতে আমরা সন্তুষ্ট নয়। আমরা চাই বেঁচে থাকার অধিকার, চাই ন্যূনতম মজুরি”।
তাকে প্রশ্ন করা হয়, ডুয়ার্স ও তরাই প্রতিষ্ঠিত বড় বড় রাজনৈতিক দল রয়েছে নতুন দল কিভাবে তাদের মোকাবিলা করবে?

উত্তরে শ্রী এডওয়ার্ড বলেন, দার্জিলিঙেও এই এইরকম ঘটেছিল।আমাদের মাত্র তিন মাসের পার্টি রাজনৈতিকভাবে মোকাবিলা করেছিল পৌর ভোটে। ফলাফল ঘোষিত হওয়ার পরে দেখা গেল ২২টি আসনের মধ্যে বিজেপি -০, তৃণমূল কংগ্রেস-২, আমরা -১৮ সিট পেয়েছি “।
তাকে আরো প্রশ্ন করা হয়, তরাই ও ডুয়ার্সে কটি আসন পেতে লড়াইয়ে নামবেন? উত্তরে তিনি জানান, আমাদের টার্গেট দশটি আসন”।

এদিন নতুন রাজনৈতিক দলের জন্মকে কেন্দ্র করে মালবাজার বাস স্ট্যান্ড এলাকায় যথেষ্ট জনসমাগম হয়। শহরে এসে বাস স্ট্যান্ড সংলগ্ন পার্কে মহান নেপালি ভাষার আদি কবি ভানু ভক্ত এবং স্বাধীনতা সংগ্রামের আপষহীন সংগ্রামী বিরসা মুন্ডার মর্মর মূর্তিতে মাল্যদান করেন শ্রী এডওয়ার্ড ও অন্যান্যরা। নতুন এই রাজনৈতিক দলের কর্মকাণ্ড কি হবে? সে নিয়ে চর্চা শুরু হয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে দেখা যাক নতুন এই রাজনৈতিক শক্তি কিভাবে লড়াই করে।








