
#চন্দ্র নারায়ণ সাহা, কালিয়াগঞ্জ: সমাজের এক অনিবার্য পরিণতি—বৃদ্ধাশ্রম। কিন্তু বৃদ্ধাশ্রমের বাসিন্দারা কি সত্যিই সমাজের কাছে অপাংক্তেয়? তাঁদেরও যে রয়েছে ভালোবাসা, অভিমান, আনন্দ-বেদনা, স্মৃতি ও বেঁচে থাকার অদম্য ইচ্ছা—সেই মানবিক কথাই নাটকের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরল যাত্রিক নাট্যগোষ্ঠী।

শনিবার কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতনে যাত্রিক নাট্যগোষ্ঠীর প্রযোজনায় মঞ্চস্থ হল হিন্দি নাটক ‘বনপ্রস্থ’। নাটকটির রচয়িতা অভিরাজ ভরকমকর। পরিচালনায় ছিলেন নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী। নাটকটির মুখ্য উপদেষ্টা হিসেবে ছিলেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা, নয়া দিল্লির প্রাক্তন কাউন্সিল মেম্বার এবং জাতীয় সংগীত নাটক আকাদেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অমিত বন্দ্যোপাধ্যায়।

‘বনপ্রস্থ’-এর গল্পে উঠে এসেছে বিভিন্ন পরিবার থেকে আসা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রার এক টুকরো ছবি। জীবনের শেষ প্রান্তে এসে এক ছাদের তলায় আশ্রয় নেওয়া মানুষগুলির মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, পারস্পরিক নির্ভরতা ও এক নতুন ধরনের পারিবারিক সম্পর্ক। অতীতের স্মৃতিকে আঁকড়ে ধরেও তাঁরা নিজেদের মতো করে খুঁজে নেন আনন্দের মুহূর্ত।

নাটকের চরিত্রগুলির হাসি-কান্না, সুখ-দুঃখ, অভিমান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে ফুটে ওঠে এক গভীর মানবিক বার্তা—বয়স কখনও মানুষের অনুভূতি, ভালোবাসা কিংবা আনন্দ পাওয়ার অধিকার কেড়ে নিতে পারে না। বরং জীবনের শেষ অধ্যায়েও মানুষ নতুন সম্পর্ক ও নতুন আনন্দের সন্ধান করতে পারে।

যাত্রিকের কলাকুশলীদের অভিনয়ে সেই অনুভূতিই প্রাণ পায়। নাটকের মানবিক দিক দর্শকদের বিশেষভাবে আবেগাপ্লুত করে। বিশেষ করে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের জীবন ও তাঁদের মানসিক টানাপোড়েনের উপস্থাপনা দর্শকদের মন ছুঁয়ে যায়। যাত্রিক নাট্যগোষ্ঠীর এই প্রয়াস প্রশংসনীয় বলেই মনে করেছেন উপস্থিত নাট্যপ্রেমীরা। বিষয় নির্বাচন, অভিনয় এবং মঞ্চ উপস্থাপনার মাধ্যমে দলটি সামাজিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক দর্শকদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে।

নাটকে অভিনয় করেছেন পবিত্র চক্রবর্তী, দিলীপ তরফদার, কানাইলাল সাহা, শুভেন্দু চক্রবর্তী, বিজন সাহা, গৌরাঙ্গ সাহা, দেবাশীষ পাল, যবনিকা তিওয়ারি, সোমা পাল ও নিকিতা সাহা। মঞ্চ পরিকল্পনায় ছিলেন কানাইলাল সাহা, আলোয় দীপঙ্কর কর, আবহে কেয়া দাস এবং অঙ্গসজ্জায় প্রদ্যুৎ তালুকদার। নাটকটির প্রযোজনায় আর্থিক সহযোগিতা করেছে সংস্কৃতি মন্ত্রালয়, ভারত সরকার।

সব মিলিয়ে ‘বনপ্রস্থ’ শুধু একটি নাট্যপ্রযোজনা নয়, বরং সমাজের প্রবীণ মানুষদের জীবন, অনুভূতি ও মর্যাদার প্রতি নতুন করে ভাবার এক মানবিক আহ্বান হয়ে উঠল কালিয়াগঞ্জের মঞ্চে।




