Explore

Search

November 26, 2026 9:12 pm

IAS Coaching

আবারও ফেক অ্যাকাউন্টের নিশানায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জালিয়াতির আশঙ্কা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ আবারও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের নামে সোশ্যাল মিডিয়ায় তৈরি হল ভুয়ো অ্যাকাউন্ট। এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। ভূগোল বিভাগের অধ্যাপক ড. তমাল বসু রায়ের নাম ও ছবি ব্যবহার করে তৈরি করা হয়েছে ওই ফেক অ্যাকাউন্ট। ইতিমধ্যেই বিষয়টি তাঁর বন্ধু, আত্মীয়স্বজন ও পরিচিতদের নজরে এসেছে। যদিও এখনও পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে কারও কাছে টাকা চাওয়ার ঘটনা সামনে আসেনি, তবুও ভবিষ্যতে আর্থিক প্রতারণার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, এর আগেও রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের একাধিক বিশিষ্ট ব্যক্তির নামে এমন ভুয়ো অ্যাকাউন্ট তৈরির ঘটনা প্রকাশ্যে এসেছিল। তালিকায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অনিল ভুঁইমালী, উপাচার্য অধ্যাপক দীপক রায়, রেজিস্ট্রার ড. দুর্লভ সরকার-সহ বেশ কয়েকজন অধ্যাপক। তাঁদের নাম ও পরিচয় ব্যবহার করে পরিচিতদের কাছে টাকা চাওয়ার অভিযোগও উঠেছিল। সেই সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইনের আওতায় সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

এবার সেই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটল অধ্যাপক তমাল বসু রায়ের ক্ষেত্রে। বিষয়টি নিয়ে তিনি জানান, এর আগেও একবার তাঁর নামে এমন ভুয়ো অ্যাকাউন্ট তৈরির ঘটনা ঘটেছিল। তখন সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু তারপরেও যে এই ধরনের ঘটনা বন্ধ হয়নি, তা এবারের ঘটনায় স্পষ্ট। নতুন অ্যাকাউন্টে ব্যবহৃত ছবিটি বেশ পুরনো। সম্ভবত অনেক আগেই ছবিটির স্ক্রিনশট সংগ্রহ করে রাখা হয়েছিল। এখন সেটিকেই ব্যবহার করা হচ্ছে। বিষয়টি ইতিমধ্যেই রিপোর্ট করেছি। আগামীকাল সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করব। এখনও পর্যন্ত কারও কাছে অর্থ চাওয়ার বিষয়টি জানতে পারিনি। তবে আমার আত্মীয়স্বজন ও পরিচিতদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছি।

অন্যদিকে, বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. দুর্লভ সরকার। তিনি বলেন, কেন বারবার আমাদের অধ্যাপকদের এভাবে নাজেহাল করা হচ্ছে, তা বুঝতে পারছি না। এর আগে একাধিক উপাচার্য এবং প্রায় ছয়জন অধ্যাপকের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে আর্থিক ক্ষতির মতো ঘটনাও ঘটেছে। তাই এই বিষয়ে সকলেরই সতর্ক থাকা প্রয়োজন।

পরপর এমন ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তাঁদের পরিচিত মহলের মধ্যে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ায় পরিচিত কারও নামে নতুন অ্যাকাউন্ট থেকে বন্ধুত্বের অনুরোধ বা আর্থিক সাহায্যের আবেদন এলে আগে ফোন করে পরিচয় নিশ্চিত করা জরুরি। কোনও অবস্থাতেই যাচাই না করে টাকা পাঠানো উচিত নয়। একইসঙ্গে ভুয়ো অ্যাকাউন্টের লিঙ্ক ও স্ক্রিনশট সংগ্রহ করে দ্রুত সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ এবং সাইবার থানায় অভিযোগ জানানো প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja