
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি আগামী দিনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ভিত গড়ে দিতে উদ্যোগী হল রায়গঞ্জের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘কোরিয়ার গাইড’। মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের সভাগৃহে আয়োজিত হল ওই শিক্ষা প্রতিষ্ঠানের মেধা অন্বেষণ কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা এবং ছাত্রছাত্রীরা।

জানা গিয়েছে, গত ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে ‘কোরিয়ার গাইড’-এর উদ্যোগে এই মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। সম্প্রতি প্রকাশিত হয়েছে পরীক্ষার ফলাফল। সেই পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দেওয়া মেধাবী ছাত্রছাত্রীদের হাতে এদিন স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা জানানো হয়।

সংস্থার পক্ষ থেকে শুভময় বসাক জানান, চলতি শিক্ষাবর্ষ প্রায় শেষের পথে। আর সপ্তাহখানেক পরেই শুরু হতে চলেছে বার্ষিক পরীক্ষা। তার আগে ছাত্রছাত্রীদের সারা বছরের প্রস্তুতি ও পড়াশোনার অগ্রগতি কতটা হয়েছে, তা যাচাই করতেই এই মেধা অন্বেষণ পরীক্ষার আয়োজন করা হয়েছিল।

তিনি আরও জানান, শুধু স্কুলের পরীক্ষার প্রস্তুতি নয়, ছোট বয়স থেকেই যাতে পড়ুয়ারা ভবিষ্যতের বিভিন্ন চাকরির পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ধরন সম্পর্কে পরিচিত হতে পারে, সেই লক্ষ্যেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই কারণেই প্রচলিত পরীক্ষার পাশাপাশি ওএমআর (OMR) শিটে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষাভীতি কাটানো, আত্মবিশ্বাস বাড়ানো এবং প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন উদ্যোক্তারা। অভিভাবকদের আশা, আগামী দিনেও এই ধরনের কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের মেধা বিকাশে ধারাবাহিকভাবে কাজ করে যাবে সংস্থা।






