
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ দিনাজপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি গোমিরা মুখা শিল্পের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও নিবিড়ভাবে জানার লক্ষ্যে গবেষণামূলক ক্ষেত্রসমীক্ষায় অংশ নিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও অধ্যাপকদের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার ও বুধবার, দু’দিনের এই ক্ষেত্রসমীক্ষায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষার্থী মিলিয়ে মোট ২৫ জন গবেষক অংশগ্রহণ করেন। গবেষক দলের গাইড হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা প্রফেসর ড. অনন্যা বড়ুয়া।

জানা গিয়েছে, এই ক্ষেত্রসমীক্ষার মূল উদ্দেশ্য ছিল দিনাজপুরের গোমিরা মুখা সংস্কৃতির ঐতিহাসিক পটভূমি, লোকবিশ্বাস, শিল্পরীতি, মুখোশ নির্মাণশৈলী এবং এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের জীবনযাপন ও সাংস্কৃতিক পরম্পরা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন ও তথ্য সংগ্রহ করা।

ক্ষেত্রসমীক্ষার প্রথম দিন গবেষক দল বুনিয়াদপুরের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। সেখানকার গোমিরা মুখা শিল্পের সঙ্গে যুক্ত মানুষজনের সঙ্গে কথা বলে শিল্পের বিভিন্ন দিক সম্পর্কে জানার চেষ্টা করেন তাঁরা। বুধবার গবেষক দল ইটাহারে পৌঁছে সরাসরি গোমিরা নৃত্য প্রত্যক্ষ করেন। শুধু দর্শক হিসেবেই নয়, নৃত্যের বিভিন্ন কৌশল ও বৈশিষ্ট্য সম্পর্কেও হাতে-কলমে জানার সুযোগ পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের হাতে তুলে দেওয়া হয় গোমিরা মুখা সংস্কৃতিবিষয়ক বিভিন্ন গবেষণামূলক পত্রপত্রিকা।

গোমিরা সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণার সঙ্গে যুক্ত ড. অভিজিৎ চৌধুরী জানান, ২৫ জনের এই গবেষক দল বুনিয়াদপুরের বিভিন্ন গ্রাম ঘুরে বুধবার ইটাহারে এসে গোমিরা নাচ দেখেন এবং নাচের কৌশল সম্পর্কে শেখেন। তিনি বলেন, “এই ক্ষেত্রসমীক্ষায় আমাদের যুক্ত করার জন্য অধ্যাপিকা ড. অনন্যা বড়ুয়াকে অসংখ্য ধন্যবাদ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানের গবেষকদের আগ্রহ দিনাজপুরের গোমিরা মুখা সংস্কৃতির প্রসারে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”

দিনাজপুর গোমিরা মুখা আকাদেমি (মাঙ্গলিকা)-র পক্ষ থেকেও গবেষক দলের সঙ্গে সক্রিয় সহযোগিতা করা হয়। প্রাচীন এই মুখোশ সংস্কৃতির বিভিন্ন দিক, তার সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে বহমান ঐতিহ্য সম্পর্কে গবেষকদের অবহিত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধ্যাপকদের এই আগ্রহ আঞ্চলিক লোক ঐতিহ্য চর্চার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এর ফলে উত্তর দিনাজপুর ও বৃহত্তর দিনাজপুরের সমৃদ্ধ লোকসংস্কৃতির সঙ্গে উচ্চশিক্ষা ও প্রাতিষ্ঠানিক গবেষণার এক নতুন সেতুবন্ধন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গোমিরা মুখা শিল্প শুধুমাত্র মুখোশ নির্মাণ কিংবা নৃত্য পরিবেশনার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রামীণ সমাজের লোকবিশ্বাস, ধর্মীয় আচার, সামাজিক ইতিহাস এবং এক সমৃদ্ধ সাংস্কৃতিক পরম্পরা। তাই এই ঐতিহ্যকে সংরক্ষণ, নথিবদ্ধকরণ এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তুলতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের এই গবেষণামূলক উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।




