Explore

Search

October 29, 2026 11:54 pm

IAS Coaching

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই রায়গঞ্জে AIIMS নিয়ে দিল্লিকে চিঠি মুখ্যসচিবের

#কলকাতা: রায়গঞ্জে AIIMS প্রতিষ্ঠার প্রস্তাবকে বাস্তবায়নের লক্ষ্যে এবার কেন্দ্রীয় সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জে AIIMS গড়ে তোলার প্রস্তাব বিবেচনার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিবকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। ২৯ অক্টোবর, ২০২৬ তারিখে পাঠানো ওই চিঠিতে রায়গঞ্জে AIIMS প্রতিষ্ঠার প্রস্তাবকে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করার জন্য আবেদন জানানো হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব পুন্য সলিলা শ্রীবাস্তবকে লেখা চিঠিতে মুখ্যসচিব উল্লেখ করেছেন, উত্তরবঙ্গের মানুষের কাছে উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রায়গঞ্জে AIIMS প্রতিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের একটি প্রতিষ্ঠান গড়ে উঠলে উত্তরবঙ্গের পাশাপাশি সংলগ্ন বিহার ও উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকার মানুষও উপকৃত হবেন। বিশেষজ্ঞ ও সুপার-স্পেশালিটি চিকিৎসার জন্য রোগীদের দূরবর্তী শহরে ছুটে যাওয়ার প্রয়োজন কমবে। একই সঙ্গে চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে যাবে।

চিঠিতে আরও জানানো হয়েছে, AIIMS প্রতিষ্ঠার উদ্দেশ্যে রায়গঞ্জে প্রায় ১৮০ একর জমি চিহ্নিত করেছে রাজ্য সরকার। ওই জমির বিস্তারিত বিবরণ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে ভাগ করে নেওয়ার পাশাপাশি প্রাথমিকভাবে জমিটির উপযুক্ততা যাচাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কারিগরি দলকে দিয়ে জমি পরিদর্শনের ব্যবস্থা করা এবং পরবর্তী প্রস্তুতিমূলক পদক্ষেপে কেন্দ্রের সঙ্গে সমন্বয় করতেও রাজ্য সরকার আগ্রহী বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মুখ্যসচিব কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছেন, রায়গঞ্জে নতুন AIIMS প্রতিষ্ঠার প্রস্তাবটি অগ্রাধিকারের ভিত্তিতে পরীক্ষা করে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করা হোক। দ্রুত কারিগরি মূল্যায়ন হলে প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে বলেও তিনি জানিয়েছেন।

চিঠির শেষাংশে মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এই উদ্যোগ বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত রাজ্য সরকার। উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে রায়গঞ্জে AIIMS প্রতিষ্ঠার প্রস্তাবকে তাই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja