Explore

Search

May 20, 2026 2:28 am

IAS Coaching

প্রাণী কল্যাণ পক্ষ উপলক্ষে পথকুকুরদের জলাতঙ্কের প্রতিষেধক প্রদান

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ প্রাণী কল্যাণ পক্ষ উদযাপন উপলক্ষে পথকুকুরদের সুরক্ষা ও মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হল রামপুর ও সুভাষগঞ্জ এলাকায়। সম্প্রতি রাজ্য শিক্ষা দপ্তর ও পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের পক্ষ থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা পথকুকুরদের বিতাড়িত করে শেল্টারে পাঠানোর নির্দেশিকা জারি হলেও, আজ রামপুর ও সুভাষগঞ্জে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি।

রামপুর অতিরিক্ত প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংস্থা উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস-এর সহযোগিতায় রামপুর, মহারাজা, মহারাজাহাট ও সুভাষগঞ্জের বিভিন্ন জনবহুল এলাকায় প্রায় ৮৫টি পথকুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন রামপুর অতিরিক্ত প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের পশু চিকিৎসক ডাঃ রাজেন শাহু, উত্তর দিনাজপুর পিপল ফর এনিম্যালস-এর সম্পাদক গৌতম তাঁন্তিয়া সহ সংস্থার অন্যান্য সদস্যরা।

উদ্যোগের অংশ হিসেবে বন্ধুসুলভ কুকুরদের হাতে ধরে এবং কিছু কুকুরকে বাটারফ্লাই নেটের সাহায্যে নিরাপদভাবে ধরে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়। আয়োজকদের দাবি, কুকুরদের তাড়িয়ে না দিয়ে সঠিকভাবে টিকাকরণই মানুষ ও প্রাণী—উভয়ের জন্য নিরাপদ সমাধান।

গৌতম তান্তিয়া বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যা মূলত কুকুরের কামড় থেকেই ছড়ায়। ভারতে প্রতিবছর প্রায় কুড়ি হাজার মানুষের মৃত্যু হয় এই রোগে। একবার জলাতঙ্ক হলে মৃত্যু প্রায় নিশ্চিত, তাই প্রতিরোধই একমাত্র পথ। সেই লক্ষ্যেই এদিন সাধারণ মানুষের মধ্যে জলাতঙ্ক সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয় এবং কুকুর কামড়ালে কী করণীয়, সে বিষয়েও বিস্তারিতভাবে জানানো হয়। আয়োজকদের মতে, প্রাণী কল্যাণ পক্ষের এই উদ্যোগ সমাজে মানবিকতা ও সচেতনতার বার্তা দেবে এবং পথপ্রাণী ও মানুষের সহাবস্থানকে আরও নিরাপদ করবে।

Advertisement
Live Cricket Score
upskillninja