Explore

Search

July 8, 2026 2:43 am

IAS Coaching

চলছে রাধিকাপুর রেল স্টেশনে নতুন লুপ লাইনের কাজ, নতুন ট্রেন শীঘ্রই!

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ সংসদীয় এলাকার সীমান্ত স্টেশন রাধিকাপুরে দ্রুত গতিতে এগোচ্ছে নতুন লুপ লাইনের কাজ। ইতিমধ্যেই গার্ড ওয়াল নির্মাণ ও জমি উঁচু করে লাইন পাতার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। কাজের অগ্রগতি খতিয়ে দেখতে নিয়মিত পরিদর্শনে আসছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের উচ্চ পর্যায়ের আধিকারিকেরা।

রেল সূত্রে জানা গিয়েছে, লুপ লাইন চালু হলে একদিকে যেমন ট্রেন চলাচল আরও মসৃণ হবে, তেমনই বাড়বে যাত্রী ও মালগাড়ির ধারণক্ষমতা। সীমান্তবর্তী এই গুরুত্বপূর্ণ স্টেশনে পরিকাঠামো উন্নয়নের ফলে উত্তরবঙ্গের রেল যোগাযোগে নতুন দিগন্ত খুলবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ।

এই আবহে আলিপুরদুয়ারগামী নতুন ট্রেনের সূচনা কবে হবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন রায়গঞ্জ, কালিয়াগঞ্জ সহ উত্তরবঙ্গের একাধিক জেলার যাত্রীরা। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে কি না, তা নিয়ে আশাবাদী সাধারণ মানুষ।

রেলের পরামর্শদাতা কমিটির সদস্য অতনু বন্ধু লাহিড়ী বলেন, “রাধিকাপুরে নতুন লুপ লাইনের কাজ দ্রুতগতিতে চলছে। কাজ সম্পূর্ণ হলে এই রুটে নতুন ট্রেন চালুর পথ সুগম হবে। আলিপুরদুয়ারগামী ট্রেন চালু হলে উত্তরবঙ্গের যাত্রীদের দীর্ঘদিনের অসুবিধা অনেকটাই কমবে। রেল কর্তৃপক্ষ বিষয়টি ইতিবাচকভাবেই দেখছে।” সব মিলিয়ে রাধিকাপুর রেল স্টেশনের এই উন্নয়ন কাজ শেষ হলে সীমান্ত এলাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ আরও মজবুত হবে বলেই মনে করছেন রেল বিশেষজ্ঞরা।

Advertisement
Live Cricket Score
upskillninja