
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ নতুন বছরের শুরুতেই দিনাজপুরবাসীর জন্য এল এক বিরাট সুখবর। জেলার ঐতিহ্যবাহী লোকশিল্প গমীরা এবার জায়গা করে নিচ্ছে দেশের সবচেয়ে গৌরবময় মঞ্চে। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে নতুন দিল্লির লালকেল্লার সামনে ঐতিহাসিক কুচকাওয়াজের ‘কর্তব্যপথে’ নিজেদের শিল্পকলা পরিবেশন করবে দিনাজপুরের গমীরা শিল্পীরা।

নিজের ‘মাঙ্গলিকা’ দলকে সঙ্গে নিয়ে এই ঐতিহাসিক কুচকাওয়াজে অংশ নিতে চলেছেন গমীরা শিল্পীরা। বিষয়টি সামনে আসতেই খুশির হাওয়া বইছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সাংস্কৃতিক মহলে। জেলার লোকসংস্কৃতির দীর্ঘদিনের সাধনা ও চর্চারই স্বীকৃতি মিলল জাতীয় স্তরে—এমনটাই মত সংস্কৃতিপ্রেমীদের।

এই প্রসঙ্গে গমীরা গবেষক তথা শিক্ষক ডঃ অভিজিৎ চৌধুরী বলেন, “এ শুধু আমাদের দলের নয়। এই অর্জন দিনাজপুরের সংস্কৃতির, এই সম্মান সমস্ত মুখা শিল্পীদের, যাঁরা যুগ যুগ ধরে এই লোকশিল্পকে বাঁচিয়ে রেখেছেন। সর্বোপরি এ গৌরব দুই দিনাজপুরবাসীর, যে মাটিতে এই শিল্পের প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে।”

গ্রামবাংলার মাটিতে জন্ম নেওয়া গমীরা শিল্প আজ দিল্লির রাজপথে—এই খবরে উচ্ছ্বসিত শিল্পী থেকে সাধারণ মানুষ সকলেই। জেলার সাংস্কৃতিক ইতিহাসে এই সাফল্য এক অনন্য মাইলফলক বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। বাচিকশিল্পী তথা কবি যাদব চৌধুরী, শুভব্রত লাহিড়ী, অধ্যাপক সুকুমার বাড়ই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।








