#মালবাজার: রবিবার সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ম্যারাথন প্রতিযোগিতার মধ্যে দিয়ে সঙ্গীত প্রতিভা অন্বেষনে শেষ পর্যায়ে ৬ জনকে বেছে দিলেন বিচারকরা। ডুয়ার্স তরাই শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকা থেকে ৮ থেকে ৪০ বছরের মধ্য বয়সী প্রায় শতখানেক গায়ক গায়িকা প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সুরকার সুপর্নকান্তি ঘোষ, সঙ্গীতজ্ঞ সাক্ষর বসু, বনশ্রী কুন্ডু পাল ও অমিত মিত্র।

ইউ বাংলা নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং নিউজ মালবাজার নামের নামের একটি পোর্টাল মাধ্যমের সহযোগিতায় ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে উদীয়মান সংগীত প্রতিভা খুজে আনতে রবিবার মালবাজার শহরের সুভাষিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের রবীন্দ্র পেক্ষাগৃহে প্রায় ১১ ঘন্টা চলে প্রতিযোগিতা।

প্রথম পর্যায়ে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত প্রাথমিক চয়ন চলে। প্রাথমিক পর্ব থেকে ২৩ চূড়ান্ত পর্যায়ের জন্যে বেছে নেওয়া হয়। ৫টা
থেকে নটা পর্যন্ত চলে চূড়ান্ত পর্ব । ২৩ জনের মধ্যে থেকে সুরজ থাপা, স্মৃতি লোহার ও সাদ্ধি বসুকে বেছে নেন বিচারকরা। তাদের হাতে সন্মান স্মারক এবং ১০ হাজার, ৭হাজার এবং ৫ হাজার নগর অর্থ তুলে দেওয়া হয়। এছাড়াও আরো তিন প্রতিভাকে বেছে নেন বিচারকরা।

ইউ বাংলার পক্ষে বিশিষ্ট সঙ্গীতকার রাজীব মুখোপাধ্যায় বলেন, আমি বেশ কিছুদিন যাবত এই এলাকায় রয়েছি দেখেছি বেশ কিছু সংগীত প্রতিভা রয়েছে। তাদের বিভিন্ন সিনেমা কিম্বা অ্যালবাম তৈরির সুযোগ করে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই এলাকায় সংগীত কর্মশালা করার ইচ্ছা রয়েছে যার মধ্যে দিয়ে প্রতিভা উঠে আসবে।

সুপর্ণ কান্তি ঘোষ বলেন, কোন কর্মশালা হলে আমি অবশ্যই আসবো বিনামূল্যে সঙ্গীত শেখাবো। নিউজ মালবাজারের পক্ষে সভ্যসাচী ঘোষ বলেন, বাগডোগরা, শিলিগুড়ি থেকে শুরু করে ময়নাগুড়ি পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিতায় এসেছিলেন। অনেকের মধ্যেই প্রতিভার বিচ্ছুরণ দেখা গেছে। ভবিষ্যতে এ জাতীয় অনুষ্ঠান করার চেষ্টা রয়েছে।






