#মালবাজার: তরাই ও ডুয়ার্স এলাকায় বসবাসকারি প্রায় ১৪ লক্ষ গোর্খা জনজাতির আর্থসামাজিক বিকাশের লক্ষ্য নিয়ে শনিবার দুই দিনের প্রথম সন্মেলন অনুষ্ঠিত হলো ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের লুকসান গোর্খা ভবন সংলগ্ন মাঠে। দুই দিনের এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট নেপালি কবি অজয় খারকে। প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন সেন্সাসের প্রাক্তন ডেপুটি ডিরেক্টর মোহন কুমার লাবড়া, আসামের গোর্খা সম্মেলনের সভাপতি কৃষ্ণা ভুজেল, তরাই ডুয়ার্স গোর্খা সম্মেলনের সভাপতি রাজেশ ছেত্রী সহ অন্যান্যরা।

দুই দিনের এই সম্মেলনের প্রথম দিনেই বিভিন্ন বক্তারা গোর্খা জনজাতি বিভিন্ন সমস্যা ও আর্থসামাজিক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। উঠে আসে সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়। কিভাবে গোর্খা জনজাতির সামগ্রিক উন্নয়ন হবে সেইসব বিষয় নিয়ে আলোচনা হয়। পরে তরাই ডুয়ার্স গোর্খা সম্মেলনের সভাপতি রাজেশ ছেত্রী বলেন, তরাই এবং ডুয়ার্স এলাকায় পশ্চিমে মেচি নদী এবং পূর্বে সংকোশ নদী পর্যন্ত এই ভূভাগে প্রায় ১৪ লক্ষ গোর্খা জনজাতির মানুষ বসবাস করে।

এই গোর্খা জনজাতির মানুষ বিভিন্ন সময় পাহাড়ের আন্দোলনের সঙ্গে সামিল হয়েছে কিন্তু, তাদের সমস্যার সমাধান হয়নি। দুই দিনের এই সম্মেলনে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তীতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে গোর্খা জনজাতির সামগ্রিক উন্নয়নের বিষয় নিয়ে কথা বলব”। দুই দিনের এই সম্মেলন উপলক্ষে ডুয়ার্স ও তারাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলন উপলক্ষে গোর্খা জনজাতির খাদ্য, পোশাক ও অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে বেশকিছু স্টল বসেছিল। সেইসব স্টলে বিভিন্ন উপাদান বিক্রির ব্যবস্থা ও ছিল। উদ্যোক্তারা জানান, শনিবার বিভিন্ন বক্তারা সামাজিক সমস্যা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন। রবিবার থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই দিনের এই সম্মেলন উপলক্ষে লোকসমাগম ভালোই হয়েছিল।








