
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দূরপাল্লার ট্রেনে ওঠানামা করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন ব্যবহার করলেও পরিকাঠামোগত একাধিক সমস্যায় নিত্যদিনই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

যাত্রীদের অভিযোগ, স্টেশনের প্রধান প্ল্যাটফর্মটি অত্যন্ত নিচু হওয়ায় দূরপাল্লার ট্রেনে ওঠা-নামার সময় বিশেষ করে বয়স্ক, নারী ও শিশু যাত্রীদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। ভারী ব্যাগপত্র নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে। একাধিকবার পড়ে গিয়ে যাত্রী আহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

এর পাশাপাশি স্টেশনে কোনও কোচ ডিজিগনেশন বোর্ড বা কোচ ইন্ডিকেটর না থাকায় ট্রেন ঢোকার আগে কোন কোচ কোথায় দাঁড়াবে তা জানা যায় না। ফলে ট্রেন আসতেই যাত্রীদের দৌড়ঝাঁপ শুরু হয়। এতে বিশৃঙ্খলা তৈরি হয় প্ল্যাটফর্মে, বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত টিকিট থাকা সত্ত্বেও বহু যাত্রীকে কোচ খুঁজতে হিমশিম খেতে হয়।

যাত্রীদের দাবি, দ্রুত প্ল্যাটফর্ম উঁচু করা, স্থায়ীভাবে কোচ ইন্ডিকেটর বসানো এবং সার্বিক পরিকাঠামোর উন্নয়ন করা হোক। এবিষয়ে রেলদফতরের দৃষ্টি আকর্ষণ করে যাত্রীদের বক্তব্য, উত্তর দিনাজপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হওয়া সত্ত্বেও রায়গঞ্জ স্টেশন দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যাত্রী পরামর্শ দাতা কমিটির সদস্য অঙ্কুশ মৈত্র এই অভিযোগ মেনে নিয়ে বলেন, আমরা লিখিত ভাবে দাবি জানিয়েছি, দেখা যাক কি হয়। রেলের পরামর্শ দাতা কমিটির আরেক সদস্য অতনু বন্ধু লাহিড়ী বলেন, এতদিন দূরপাল্লার ট্রেন গুলো ২ নম্বরে থামত। ওই প্ল্যাটফর্মটি উঁচু। কিন্তু ১ নম্বর প্ল্যাটফর্মটি নিচু হওয়ায় সমস্যা তীব্রতর হয়েছে।








