#মালবাজার: রাতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটলো দুই বাইক আরোহীর। ঘটনায় জখম হলেন এক তরুণী পথচারী। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে মালবাজার শহরের প্রধান ডাকঘরের সামনে জাতীয় সড়কের উপর। মৃত বাইক আরোহীর নাম সুমন ওরাও (৪৪) সহ আরোহীর নাম রামলাল ওঁরাও (৬০)। দুজনের বাড়ি মালবাজার শহর সংলগ্ন সোনগাছি চাবাগানে।

জখম পথচারীর নাম রুপালি বর্মন। তার বাড়ি মালবাজার শহরের ১১ নম্বর ওয়ার্ডে।
জানাগেছে, সোমবার রাত সাড়ে আটটা নাগাদ সোনগাছি চা বাগানের দুই বাইক আরোহী মালবাজার শহরে বাজার সেরে বাইকে চেপে বাড়ি অভিমুখে ফিরছিলেন। ডাকঘরের সামনে উল্টো দিক থেকে আসা একটি তীব্র গতির অ্যাম্বুলেন্স অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে অনেকটাই ডান দিকে সরে আসে।
এর ফলে জাতীয় সড়কের উপর মুখামুখি সংঘর্ষ হয় বাইক ও অ্যাম্বুলেন্সের।

ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী সুমন ওরাওয়ের। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে বাইকটি ছিটকে গিয়ে বেশ কয়েক ফুট দূরে পথচারী তরণী রুপালি বর্মনের উপর পড়ে। এটাই ওই তরুণী জখম হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসার তো অবস্থায় মৃত্যু হয় সহ বাইক আরোহী রামলাল ওঁরাওয়ের। চিকিৎসা চলে তরুণীর। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়, পথ নিরাপত্তার উপরে বারবার সচেতনতা শিবির করা হলেও দুর্ঘটনা ঘটেই চলছে বলে মানুষের অভিযোগ।









