
#রায়গঞ্জ: জাতীয় সড়কের উপর দুর্ঘটনা রুখতে এবং অবৈধ চলাচলের রাস্তা বন্ধ করার জন্য রেলিং দিতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে কাজ বন্ধ করে ফিরে যেতে হলো প্রশাসনকে। রায়গঞ্জ ব্লকের মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের ভিটি গ্রামের বাসিন্দারা জয়েন্ট বিডিও ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ঘিরে বিক্ষোভ দেখান। এদিন ১২ নং জাতীয় সড়কের উপর বিপজ্জনক ক্রশিং রয়েছে সেই ক্রশিং বন্ধ করতে গেলে গ্রামবাসীরা বাধা দেন।

গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসন জাতীয় সড়কের উপর যেখানে রেলিং দিতে চাইছে সেখানে রেলিং দিলে গ্রামের লোকজনের চলচলের সমস্যা হবে। এক কিলোমিটার ঘুর পথে যাতয়াত করতে হবে যা সমস্যা তৈরি করবে। প্রশাসন রেলিং দিয়ে যাতয়াত বন্ধ করলেও বিকল্প রাস্তার ব্যবস্থা করতে হবে। যদিও প্রশাসন সূত্রে খবর, রায়গঞ্জ থানা এলাকায় জাতীয় সড়কের ৬ টি জায়গা রয়েছে যা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তারমধ্যে ভিটি এলাকার এই জায়গাটি রয়েছে। এটি বন্ধ না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনাস্থলে এদিন আসেন রায়গঞ্জের জয়েন্ট বিডিও অমিত সাহা। তিনি বলেন, জাতীয় সড়কের উপর এই অবৈধ চলাচল বন্ধ করার প্রয়োজন রয়েছে আজ সেই কাজ করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভে ফিরে যেতে হলো আমাদের।








