
#রায়গঞ্জঃ মঙ্গলবার দুপুরে কুলিক ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে তলিয়ে যাওয়া গৃহবধূর দেহ উদ্ধার হল বৃহস্পতিবার সকালে। রায়গঞ্জের সুভাষগঞ্জ ব্রিজের কাছে কুলিক নদীতে ভেসে থাকতে দেখা যায় ওই মহিলার দেহ। দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৯০০ মিটার দূরে দেহটি উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কুলিক নদীর জলে একটি মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশ প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মৃত ওই গৃহবধূর নাম প্রীতি যাদব (২৬)। তাঁর বাড়ি খরমুজা ঘাট এলাকায়। মঙ্গলবার দুপুরে কুলিক ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চলছিল। তল্লাশিতে নামে NDRF এর সদস্যরা।

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশ প্রীতির স্বামী সৌরভ ঘোষ, শ্বশুর দিলীপ ঘোষ এবং শাশুড়ি রীতা ঘোষকে আটক করেছিল। গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পিছনে অন্য কোনও বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।






