Explore

Search

November 3, 2026 5:44 pm

IAS Coaching

জনগণনার কাজে ব্যস্ত থাকবেন শিক্ষক-শিক্ষিকারা, পিছিয়ে যেতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা!

 

#নিউজ ডেস্কঃ ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্টে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। জনগণনার কাজে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকাকে যুক্ত করার পরিকল্পনা থাকায় নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সেই কারণেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—দুই পরীক্ষাই পিছিয়ে দেওয়ার কথা ভাবছে সংশ্লিষ্ট পর্ষদ ও সংসদ।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু জানুয়ারির শেষ সপ্তাহ থেকে জনগণনার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কাজ চলতে পারে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত। ফলে একই সময়ে জনগণনা ও মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে ইতিমধ্যেই পরীক্ষার সূচি পরিবর্তনের প্রস্তাব স্কুল শিক্ষা দফতরের কাছে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, প্রস্তাবিত নতুন সূচি অনুযায়ী মার্চ মাসের ২তারিখ মাধ্যমিক পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হয়ে ১৬ মার্চের মধ্যে পরীক্ষা শেষ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে স্কুল শিক্ষা দফতরের অনুমোদন না পাওয়া পর্যন্ত এই সূচি চূড়ান্ত নয়।

একই পথে হাঁটতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও। মঙ্গলবার দুপুরে সংসদ সভাপতি অসিতকুমার মণ্ডল জানিয়েছেন, ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা ১৬ মার্চের পর থেকে শুরু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সেই অনুযায়ী নতুন পরীক্ষার নির্ঘণ্ট তৈরির কাজও চলছে।

সব মিলিয়ে ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে পরীক্ষার্থীদের এখনই নতুন সূচি ধরে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই। স্কুল শিক্ষা দফতরের অনুমোদন এবং মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আনুষ্ঠানিক ঘোষণার পরেই চূড়ান্ত পরীক্ষাসূচি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja