#মালবাজার: ২১দিন টানা লোকালয়ের আশেপাশে কাটিয়ে অবশেষে বনে ফিরলো গজরাজ। বনের পশুপাখিরা নিজের নিয়মে নির্ধারিত পথে চলাচল করে। কোথাও খাওয়ার ও পানীয়জল পেলে থেকে যায়। আবার ফিরে যায় নিজের বাসভুমি বনে। এই রকম ভাবে মাল ব্লকের চাকলাবস্তি এলাকায় গুম্ফা মন্দির সংলগ্ন ঝোপে থেকে গিয়েছিল। গত ১৬ সকালে ওই এলাকার মানুষ গুম্ফা মন্দির ও সেনাবাহিনীর ছাউনির পাশের ঝোপের মাঝে হাতিটিকে দেখতে পায়।

পাশেই রয়েছে ধানের ক্ষেত তার মাঝ দিয়ে বয়ে গেছে চৈতী নদী। হাতি দেখতে অনেকে ভীড় জমায়। প্রথম দিকে স্থানীয় লোকজন ভেবেছিল, হয়তো হাতিটি দলছুট হয়ে আটকে পড়েছে রাত হলেই ফিরে যাবে।কিন্তু, সে ফিরে যায় নি। মাঝেমধ্যে ধানের ক্ষেতে ঘুরেফিরে আবার ঝোপে ফিরে গেছে। কাউকে বিরক্ত করেনি।অনেকে হাতির ভয়ে ধান কেটে নিতে শুরু করে।এভাবে সপ্তাহ খানেক কাটার পর স্থানীয় লোকজন কলাগাছ ও অন্যান্য ঘাস খেতে দিতে শুরু করে। অনুমান ছিল সেটি বোধহয় অসুস্থ।

মাল বন্যপ্রান স্কোয়ার্ডের দাবি ছিল হাতিটি অসুস্থ নয়, সেটি ধানের লোভে রয়ে গেছে। ধান কাটা শেষ করে ফিরে যাবে। বনকর্মীদের দাবির যথার্থতা পাওয়া গেল বৃহস্পতিবার রাতে। স্থানীয় লোকজন দেখতে পায় হাতিটি জাতীয় সরক পেরিয়ে গুডহোপ, কুমলাই ও ডামডিম চাবাগানের মধ্যে দিয়ে গিয়ে চেল নদী পেরিয়ে তারঘেরা বনাঞ্চলের ভিতরে প্রবেশ করে। এদৃশ্য অনেকে মোবাইলে বন্ধি করে রাখে।








