

#মালবাজার: পূজা যত এগিয়ে ততই বোনাস নিয়ে বিক্ষোভ চলছে নানা চা-বাগানে। মহালয়ার পূন্য দিনে বোনাস নিয়ে এবার তুমুল বিক্ষোভ দেখা গেল নাগরাকাটা ব্লকের গ্রাসমোড় চা বাগানে। সেখানকার কয়েকশো শ্রমিক বুধবার সকাল থেকে ম্যানেজারকে ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে। শ্রমিকদের বক্তব্য তাঁদের ১৬ শতাংশ হারের বোনাস লাগবে।

যদিও এবার ওই বাগানে চুক্তি মোতাবেক ১০ শতাংশ হারে বোনাস হওয়ার কথা। চাবাগান সেই কথা ঘোষণা করতেই শ্রমিকদের ক্ষোভের সঞ্চার হয়। বুধবার বোনাসকে নিয়ে ওই চাবাগানের শ্রমিকরা বাগানের ফ্যাক্টরির সামনে প্রথমে জড়ো হন। এক দফার বিক্ষোভ হওয়ার পর পরে তাঁরা ম্যানেজারকে ঘেরাও করে আবার বিক্ষোভ দেখাতে থাকেন।

এক কিস্তিতে নগদে বোনাসের দাবির পাশাপাশি বিক্ষোভকারী শ্রমিকরা তাদের বকেয়া মজুরির কথাও তুলে ধরেন। স্থায়ী শ্রমিকদের পাশাপাশি বাগানের অস্থায়ী শ্রমিকরাও এই বিক্ষোভে যোগ দেন। ম্যানেজার ভাস্কর চক্রবর্তী দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিলেও সকাল দুফুর পর্যন্ত সমস্যা মেটেনি। সর্বশেষ জানাগেছে, বৃহস্পতিবার শ্রমিকদের বোনাস দেওয়া হবে।






