
#ইসলামপুর: ইসলামপুরে হরিজন ও সাফাই কর্মীদের নতুন সংগঠন গঠনকে ঘিরে রবিবার তুলকালাম বেঁধে যায়। দুপক্ষের মধ্যে বচসা থেকে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপক্ষের মধ্যে হাতাহাতিও লেগে যায়। স্থানীয়দের সহযোগিতায় তখনকার মতো গন্ডগোল মিটে গেলেও চাপা উত্তেজনা রয়েছে। এদিন ইসলামপুর পৌরসভার ডরমেটরি ভবনে নর্থবেঙ্গল বাসফোর ও হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উওর দিনাজপুর জেলা কমিটির পরিচালনায় ইসলামপুর মহকুমা কমিটি গঠন করা হয়।

ইসলামপুরের শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের সাফাই কর্মীদের নিয়ে এদিনের নতুন কমিটি গঠন করা হয়। শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের সাফাই কর্মীদের বিভিন্ন রকমের সমস্যার পাশাপাশি যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন সেই সমস্ত সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দিতে এই নতুন সংগঠন আগামী দিনে কাজ করবে বলে জানা গিয়েছে। পাশাপাশি ইসলামপুর পুরসভা ও ইসলামপুর মহকুমা প্রশাসনের কাছে বিভিন্ন সাফাই কর্মীদের যে দাবী দাওয়া বা পাওনা গন্ডা রয়েছে সেই সমস্ত কিছু সঠিকভাবে যাতে হরিজন ভাইরা পেতে পারেন সেই সুযোগ সুবিধার ক্ষেত্রেও এই সংগঠন বিভিন্ন রকম আন্দোলন কর্মসূচি সংঘটিত করবে।







