
#ইসলামপুর: উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের দিনাজপুর, মালদা জোন কমিটি পরিচালিত স্বাধীনতার আলোকে সুকান্ত-নজরুল আবৃত্তি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার ইসলামপুর টাউন লাইব্রেরীতে। স্বাগত ভাষণে সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য তাপস দাস আবৃত্তি শিক্ষা তথা চর্চার প্রসারে সংগঠনের সামগ্রিক কার্যাবলী তুলে ধরেন। সমবেত আবৃত্তি পরিবেশনায় ছিলেন আবৃত্তি পরিষদের শিল্পীরা। নির্দেশনায় অনিন্দিতা বিশ্বাস। এরপর সুশান্ত নন্দীর নির্দেশনায় সমবেত প্রয়াসে অবুঝ সবুজ আবৃত্তি শিক্ষায়তনের শিল্পীরা অংশ নেয়।

শ্রুতি নাটক পরিবেশনায় ছিলেন আকাশ পাল চৌধুরী,অনিতা পাল চৌধুরী। একক কবিতায় ছিলেন লতিকা দাস বর্ধন,বিভাস দাস। ছিল সম্পা সাহা ও সহ শিল্পীদের উপস্থাপনাও। উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিবাদী কণ্ঠস্বর উত্তর ধ্বনির বজ্রকণ্ঠে আয়োজিত ধিক্কারে মিঠুন দত্তের কণ্ঠে ও দেবশ্রী সাহার নৃত্যে নান্দনিক হয়ে উঠলো সাম্প্রতিক ঘটনার প্রতিবাদ। হাতে হাতে উঠে এলো প্রতিবাদ পত্র।
বিচারক হিসেবে ছিলেন আকাশ পাল চৌধুরী, সুশান্ত গুহ,অনিতা পাল চৌধুরী এবং অরুণাভ ঘোষ।

এদিন তিনটি বিভাগে দেড় শতাধিক পড়ুয়া ও সাধারণ প্রতিযোগিতায় অংশ নেয়।অংশগ্রহণ কারী সকলকেই মানপত্র দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সফল অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী অনিন্দিতা বিশ্বাস কাউন্সিলর অর্পিতা দত্ত প্রমূখ। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন সৌমিত্র চক্রবর্তী।







