
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ শীতের আমেজের মধ্যেই এবার পরিবহণ পরিষেবা নিয়ে বড়সড় সমস্যার আশঙ্কা উত্তর দিনাজপুর জেলায়। বাসভাড়া বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী ১৮, ১৯ ও ২০ নভেম্বর টানা তিন দিন বেসরকারি যাত্রী পরিবহণ বন্ধ রাখার ডাক দিয়েছে উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস ওউনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং রায়গঞ্জ অটো এন্ড ট্রেকার্স ওউনার্স এসোসিয়েশন নামক দুটি পরিবহণ সংগঠন। সংগঠনের তরফে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তি ঘিরে ইতিমধ্যেই যাত্রী সাধারণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ধর্মঘট কার্যকর হলে জেলার বিভিন্ন রুটে বাস ও অন্যান্য বেসরকারি যাত্রীবাহী যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

যাত্রী সাধারণের উদ্দেশে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরিবহণ শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে একাধিক সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। সংগঠনের দাবি, ২০১৮ সালে ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৬৪ টাকা। বর্তমানে তা বেড়ে প্রায় ১০০ টাকা হয়েছে। পাশাপাশি মোবিল, টায়ার, যন্ত্রাংশ ও বিমার খরচ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। জাতীয় সড়কে চলাচলকারী গাড়ির টোল ট্যাক্সও প্রতি বছর বাড়ানো হচ্ছে। অথচ বাসভাড়া দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকায় পরিবহণ ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি সংগঠনের।

বিজ্ঞপ্তিতে প্রকাশ করে সংগঠনের সাধারন সম্পাদক প্লাবন প্রামাণিকের অভিযোগ, সরকারি নির্দেশ ও নির্ধারিত নিয়ম উপেক্ষা করে রাজ্য ও জাতীয় সড়কে টোটোর অবৈধ যাত্রী পরিবহণ এবং বৈধ পারমিট ছাড়া অটোরিকশা চলাচলের ফলে বাস পরিবহণ ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে সরকারি পারমিটপ্রাপ্ত ট্রেকার পরিষেবাও প্রায় অবলুপ্তির পথে বলে দাবি করা হয়েছে। বারবার প্রশাসনের কাছে আবেদন জানানো সত্ত্বেও অবৈধ যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ পরিবহণ সংগঠনের।

এখানেই শেষ নয়, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ব্যবহৃত বাস, মিনিবাস, ট্রেকার ও অটোরিকশার ভাড়াও এখনও বকেয়া রয়েছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে। সেই টাকা কবে পাওয়া যাবে, তা নিয়েও কোনও নিশ্চয়তা নেই বলে অভিযোগ।

সংগঠনের বক্তব্য, সাধারণ মানুষকে অসুবিধায় ফেলা তাদের উদ্দেশ্য নয়। বরং বেসরকারি যাত্রী পরিবহণ ব্যবস্থার অস্তিত্ব রক্ষা, পরিবহণ শিল্পের ন্যায্য দাবি আদায় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই বাধ্যতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

টানা তিন দিনের এই কর্মসূচি বাস্তবায়িত হলে স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে অফিসযাত্রী, ব্যবসায়ী ও নিত্যযাত্রীদের ব্যাপক সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে। এখন দেখার, ধর্মঘটের আগে পরিবহণ সংগঠনগুলির দাবিদাওয়া নিয়ে প্রশাসন কোনও উদ্যোগ গ্রহণ করে কি না।




