
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ ব্লকের শীতগ্রাম হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই পড়াশোনার মানোন্নয়ন নিয়ে কড়া বার্তা দিলেন সামসুল আলম। মুরলিগঞ্জ স্কুলের অপসারিত প্রধান শিক্ষক হিসেবে পরিচিত সামসুল আলমের নতুন দায়িত্ব গ্রহণ ঘিরে শিক্ষা মহলে শুরু হয়েছে আলোচনা।

স্কুলে যোগ দিয়েই তিনি স্পষ্ট করে দিয়েছেন, শিক্ষার পরিবেশ ও পঠনপাঠনের মানের সঙ্গে কোনওরকম আপস করা হবে না। নিয়মিত ক্লাস, শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্বশীল ভূমিকা, ছাত্রছাত্রীদের উপস্থিতি এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে তাঁর বার্তা। এদিন তিনি নিউজ বৃত্তান্তকে বলেন, শীতগ্রাম হাই স্কুলের বেশির ভাগ শিক্ষক শিক্ষিকাই তরুন। তারা সকলেই বেশ উদ্যমী। প্রত্যেকের মধ্যে একটা টিম স্পিরিট আছে। সেই স্পিরিট কাজে লাগিয়ে এই স্কুলকেও আগামী দিনে বেসরকারি স্কুল গুলোর প্রতিদ্বন্দ্বী তৈরি করব। এতে এলাকার শিক্ষা মানচিত্র পালটে যাবে।

তবে নতুন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর এই কড়া অবস্থান আগামী দিনে স্কুলের শিক্ষার পরিবেশে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন অভিভাবক ও শিক্ষানুরাগীরা।







