Explore

Search

November 14, 2026 10:56 am

IAS Coaching

রায়গঞ্জে নয়, কলকাতার রাজপথে দেখা মিলল প্রাক্তন চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসের! প্রিয়রঞ্জন দাশমুন্সির মূর্তি উন্মোচনে উপস্থিত

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জের পরিচিত রাজনৈতিক মুখ, প্রাক্তন পুরপ্রধান তথা গনতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সন্দীপ বিশ্বাসের দেখা মিলল কলকাতার রাজপথে। প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল তাঁকে। মহান এই নেতার জন্মদিবস উপলক্ষে কলকাতার রাইটার্স বিল্ডিং ও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংযোগস্থলের গুরুত্বপূর্ণ স্থানে মূর্তিটি উন্মোচিত হয়।

গণ সংস্কৃতি সংসদের সভাপতি অমিতাভ চক্রবর্তীর আমন্ত্রণে এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেন সন্দীপ বিশ্বাস। অনুষ্ঠান শেষে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি জানান, এমন একটি গৌরবময় মুহূর্তের সাক্ষী হতে পেরে তিনি ধন্য, আনন্দিত ও গর্বিত।

প্রিয়রঞ্জন দাশমুন্সিকে বাংলার এক উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব, দক্ষ সংগঠক, আপসহীন জননেতা হিসেবে উল্লেখ করে সন্দীপ বিশ্বাস বলেন, তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, দূরদর্শিতা এবং বাংলার প্রতি গভীর ভালোবাসা আজও অসংখ্য মানুষের কাছে তাঁকে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করে রেখেছে।

তাঁর মতে, এই মূর্তি স্থাপন শুধুমাত্র একটি স্মৃতিসৌধ প্রতিষ্ঠা নয়, বরং প্রিয়রঞ্জন দাশমুন্সির কর্মময় জীবন, রাজনৈতিক অবদান ও অসামান্য ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য প্রকাশ। তাঁর আদর্শ, কর্মনিষ্ঠা এবং মানুষের জন্য কাজ করার মানসিকতা আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।

এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বিশেষ কৃতজ্ঞতা জানান সন্দীপ বিশ্বাস। পাশাপাশি গণ সংস্কৃতি সংসদের উদ্যোক্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সন্দীপ বিশ্বাসের কথায়, ”প্রিয় দা আমাদের হৃদয়ে ছিলেন, আছেন এবং চিরকাল থাকবেন।” কলকাতার রাজপথে তাঁর এই উপস্থিতি ঘিরে রায়গঞ্জের রাজনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Live Cricket Score
upskillninja