
#নিউজ ডেস্কঃ ভাইফোঁটার দিন বুধবার ভোরে, অসমের গুয়াহাটির উপকণ্ঠে দিগারু এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনা সামনে এল। লাইনচ্যুত হয়ে গেল কলকাতা থেকে মিজোরামের সাইরাংগামী কলকাতা-সাইরাং এক্সপ্রেসের (ট্রেন নম্বর ১৩১২৫) ইঞ্জিন-সহ পাঁচটি কামরা।

প্রাথমিক খবর অনুযায়ী, এদিন ভোর ৬টা ৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

দুর্ঘটনাস্থলে উদ্ধার ও পরিস্থিতি সামাল দেওয়ার কাজ চলছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ এখনও জানা যায়নি। রেল কর্তৃপক্ষের তরফে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে।








