Explore

Search

May 20, 2026 12:51 am

IAS Coaching

রায়গঞ্জ ডিভিশনে বার্ষিক শীতকালীন জলচর পাখির গণনায় কমলো পাখির সংখ্যা, উদ্বিগ্ন পরিবেশ কর্মীরা

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ বন বিভাগের অধীনে শীতকালীন জলজ পাখি গননায় কমল পাখির সংখ্যা। এতেই উদ্বিগ্ন হ’য়ে পড়লেন স্থানীয় পরিবেশ কর্মীরা। গননায় প্রায় ২ হাজার মত পাখি কমার কথা স্বীকার করে নিয়েছেন রায়গঞ্জের বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা। এদিন তিনি বলেন, রায়গঞ্জ ডিভিশনের উদ্যোগে গত ১৭ ও ১৮ই জানুয়ারি অনুষ্ঠিত হয় ২০২৬ সালের বার্ষিক শীতকালীন জলচর পাখির গণনা। রায়গঞ্জ বন বিভাগের তত্ত্বাবধানে বিস্তীর্ণ জলাভূমি জুড়ে পরিচালিত এই গণনায় অংশ নেন মোট ৩১ জন স্বেচ্ছাসেবী, যার মধ্যে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের সদস্য ও স্বতন্ত্র পাখিপ্রেমীরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, এবার মোট ৩৯টি জলাভূমি এই গণনার আওতায় আনা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার উল্লেখযোগ্য জলাভূমির মধ্যে ছিল তপন দিঘি, আত্রেয়ী নদী, মালিয়ান দিঘি, করণ বিল ও মহীপাল দিঘি। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার ধামজা, নাউদা বিল, বাহিন, দ্বীপনগর ও হিহারি বিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ জলাভূমিতে সমীক্ষা চালানো হয়।চোপড়া, করণদিঘি, রায়গঞ্জ, কুলিক, কুশমুন্ডি ও বালুরঘাট রেঞ্জের অধীনে এই গণনা সম্পন্ন হয়।

বন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মোট ৮৬ প্রজাতির জলচর পাখি শনাক্ত হয়েছে এবং মোট গণনা করা হয়েছে ৩২,২৭৫টি পাখি। প্রধান প্রজাতির মধ্যে ছিল—

লেসার হুইসলিং ডাক: ২৮,০৭২টি

গ্রে হেডেড ল্যাপউইং: ৫১৫টি

গ্রিন উইংড টিল: ৫০০টি

গ্রেল্যাগ গুজ: ৩০০টি

গত বছর মোট ৩৪,২৭৬টি পাখি গণনা করা হয়েছিল। সেই হিসেবে চলতি বছরে পাখির সংখ্যা কমেছে ২,০০১টি। এই হ্রাস নিয়ে বন দপ্তর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে জলাভূমি সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়ার কথা জানিয়েছে। রায়গঞ্জের ডিভিশনাল ফরেস্ট অফিসার ভূপেন বিশ্বকর্মা জানান, জলাভূমির সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বার্ষিক গণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাখির সংখ্যা কমার কারণ বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, এই গণনা অভিযানে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য সংগঠনগুলির মধ্যে ছিল উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিম্যালস, রায়গঞ্জ পিপলস ফর অ্যানিম্যালস, রায়গঞ্জ উৎকর্ষ ওয়াইল্ডলাইফ ওয়েলফেয়ার সোসাইটি, হিমালয়ান মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রভৃতি। পরিবেশপ্রেমীদের মতে, জলাভূমি রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে প্রশাসন ও সাধারণ মানুষের যৌথ উদ্যোগই পারে আগামী দিনে ইতিবাচক পরিবর্তন আনতে।

Advertisement
Live Cricket Score
upskillninja