Explore

Search

July 8, 2026 12:49 am

IAS Coaching

প্রাণী কল্যাণ পক্ষ ও বিশ্ব জলাতঙ্ক দিবসে রায়গঞ্জে ১৫০-র বেশি পথ কুকুরকে টিকা, রেবিস ফ্রি জোন গড়ার লক্ষ্য

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জ: প্রাণী কল্যাণ পক্ষ এবং বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রায়গঞ্জে আয়োজিত বিশেষ কর্মসূচিতে বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জের ১৫০টিরও বেশি পথ কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হল। গত শনিবার সকালে রায়গঞ্জের ঘড়ি মোড় থেকে এই কর্মসূচির সূচনা হয়।

এদিন পর্যায়ক্রমে মোহনবাটি বাজার, স্টেশন চত্বর, রায়গঞ্জ থানা চত্বর, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বর, কলেজ পাড়া, মিলন পাড়া এবং রমেন্দ্র পল্লী এলাকায় পথ কুকুরদের টিকাকরণ করা হয়। বাটারফ্লাই নেটের সাহায্যে কুকুরগুলোকে ধরে নিরাপদভাবে তাদের শরীরে জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ করা হয়।

প্রাণিসম্পদ বিকাশ বিভাগ, উত্তর দিনাজপুর-এর আহ্বানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এবং রায়গঞ্জ পিপল ফর অ্যানিমেলস-এর সদস্যরা। তাঁদের লক্ষ্য হল রায়গঞ্জ শহরকে ধীরে ধীরে একটি ‘রেবিস ফ্রি জোন’ হিসেবে গড়ে তোলা।

আয়োজকদের পক্ষ থেকে গৌতম তান্তিয়া জানান, এই কর্মসূচি আগামীকালও চলবে। রায়গঞ্জের বিভিন্ন নার্সিংহোম চত্বর এবং আশেপাশের এলাকায় থাকা পথ কুকুরদেরও জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, মাত্র দু’দিনের কর্মসূচির মাধ্যমে রায়গঞ্জকে সম্পূর্ণ জলাতঙ্কমুক্ত করা সম্ভব নয়। এই লক্ষ্যে রায়গঞ্জ পৌরসভার সক্রিয় উদ্যোগ অত্যন্ত জরুরি, যাতে শহরের প্রতিটি ওয়ার্ডের পথ কুকুরকে পর্যায়ক্রমে টিকাকরণের আওতায় আনা যায়।

এদিকে, চলতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে স্কুল চত্বরে থাকা পথ কুকুরদের এই মুহূর্তে টিকা দেওয়া সম্ভব হয়নি। পরীক্ষা শেষ হলে রায়গঞ্জ শহরের প্রতিটি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় চত্বরে থাকা পথ কুকুরদের টিকাকরণের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

Advertisement
Live Cricket Score
upskillninja