Explore

Search

August 9, 2026 11:12 am

IAS Coaching

রায়গঞ্জ ব্লকের মালঞ্চা থেকে উদ্ধার অসুস্থ মদনটাক পাখি

#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বড়ুয়া অঞ্চলের অন্তর্গত দক্ষিণ মালঞ্চা এলাকা থেকে একটি অসুস্থ মদনটাক (Lesser Adjutant Stork) পাখি উদ্ধার করা হল। বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় পাখিটিকে দীর্ঘক্ষণ ধরে ঘুরে বেড়াতে দেখা যায়। একাধিকবার চেষ্টা করেও পাখিটি উড়তে পারছিল না, যা স্থানীয় বাসিন্দাদের নজরে আসে।

বিষয়টি লক্ষ্য করে স্থানীয় যুবক সঞ্জয় রায় উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস-এর অফিসে খবর দেন। পশু প্রেমী সংস্থার সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, খবর পেয়ে সংস্থার পক্ষ থেকে কয়েকজন সদস্য দ্রুত মালঞ্চায় পৌঁছান এবং মদনটাক পাখিটিকে উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সে করে পাখিটিকে রায়গঞ্জে নিয়ে আসা হয়।

উদ্ধার হওয়া পাখিটির স্বাস্থ্য পরীক্ষার জন্য সরকারি পশু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও হাসপাতাল বন্ধ থাকায় শেষ পর্যন্ত বনদপ্তরের হাতে কুলিক পক্ষী নিবাসে পাখিটিকে তুলে দেওয়া হয়। বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানান, বনদপ্তরের তত্ত্বাবধানে পাখিটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যা করা হবে।

পাখি প্রেমী ক্ষীরোদ সরকার বলেন, বড় গাছের অভাব, পর্যাপ্ত জলাশয় না থাকা এবং কৃষিজমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মদনটাক পাখির সংখ্যা বর্তমানে অনেকটাই কমে গেছে। এই পাখি মূলত মাছ, ব্যাঙ, বিভিন্ন প্রজাতির সাপ, ছোট স্তন্যপায়ী প্রাণী এবং পোকামাকড় খেয়ে বেঁচে থাকে।

Advertisement
Live Cricket Score
upskillninja