
#মালবাজার: সরস্বতী পূজার রাতে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের মাল ব্লকের রাজা চা বাগান। আচমকা ওয়ার্ক সাসপেন্সন নোটিশ দেখে দিশেহারা চা বাগানে কর্মরত হাজার শ্রমিক। শুক্রবার ছিল সরস্বতী পূজা সেই সাথে ছিল নেতাজি জয়ন্তী। উৎসবের আনন্দে সবাই মাতোয়ারা। এইরকম পরিবেশে চা বাগানে শ্রমিকরা হঠাৎই দেখতে পান কারখানার গেটের সামনে ওয়ার্ক সাসপেনশন নটিশ ঝুলছে। নোটিশে লেখা আছে চা বাগানের আর্থিক পরিবেশ ভালো নেই। কয়েক বছর ধরে চা বাগান লোকশানে চলছে। শ্রমিকদের উপস্থিতি অনিয়মিত।

শ্রমিকরা অবাধ্য আচরণ করে। এইরকম পরিবেশে বাধ্য হয়ে এই ঘোষণা করতে হচ্ছে।
ম্যানেজার বা সহকারি ম্যানেজার কেউ বাগানে নেই। কারখানা গেটে তালা। ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। মালবাজার শহর সংলগ্ন রাজা চা বাগান। চা বাগানে প্রায় সাড়ে সাতশ স্থায়ী শ্রমিক এবং দুই থেকে তিনশ অস্থায়ী শ্রমিক রয়েছে। এই বাগানে শ্রমিকদের পাওনাগন্ডা নিয়ে বিশেষ অভিযোগ নেই। শনিবার পাক্ষিক বেতন দেওয়ার কথা ছিল। তার আগের রাতেই চা বাগান বন্ধ হয়ে যাওয়াতে বিক্ষোভ দেখায় শ্রমিকরা।

শ্রমিকরা জানায় চা বাগান কর্তৃপক্ষের অভিযোগ ঠিক নয়। চা বাগানে মজুরি প্রভিডেন্ট ফান্ড গ্রাচুয়টি নিয়ে অভিযোগ নেই। বিকেল পর্যন্ত ম্যানেজার তার দপ্তরে বসে কাজ করেছেন তারপর এই নোটিশ সম্পূর্ণ অনৈতিক। জানা গেছে, গত ২১ জানুয়ারি শিলিগুড়ি শ্রম ভবনে শ্রমিক সংগঠনগুলির সাথে চা বাগান কর্তৃপক্ষের বৈঠক হয়েছিল। তৃণমূল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠনের নেতা অর্জুন ছেত্রী জানান, গত ২১ জানুয়ারি বৈঠক ফলপ্রসূ হয়নি।

তারপর ২২ জানুয়ারি চা বাগান কর্তৃপক্ষ কয়েকটি প্রস্তাব রেখে একটি চিঠি আমাদের দেয়। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সেই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব হয়নি। আমরা চা বাগান কর্তৃপক্ষকে সেটা জানিয়ে দিয়েছি। তারপর এভাবে বাগান বন্ধ করে চলে যাওয়া ঠিক হয়নি। অপরদিকে চা বাগান কর্তৃপক্ষসূত্রে জানা গেছে, শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বিভিন্ন সময় চা বাগানের অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আর্থিক সমস্যার কথা বলা হয়েছে এবং সহযোগিতার আবেদন রাখা হয়েছিল। সেই আবেদনে উপযুক্ত সারা পাওয়া যায়নি।

অন্যদিকে মালবাজার শহর সংলগ্ন এই চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় সেই প্রভাব শহরের বুকে পড়তে পারে বলে অনেকে জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাজা চা বাগানে পাওনা গন্ডা নিয়ে বিশেষ অভিযোগ নেই। সাম্প্রতিকালে চা বাগান বন্ধ হওয়ারও নজির নেই। এই পরিবেশে চা বাগান বন্ধ হওয়ায় অনেকে বিস্ময় প্রকাশ করেছে।






