
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে রায়গঞ্জ বন বিভাগ এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যৌথ উদ্যোগে চোপড়া ব্লকের সাপ নিকিলা ফরেস্ট এলাকায় রবিবার থেকে শুরু হল শীতকালীন জলজ পাখি গণনা ও পক্ষী সমীক্ষা। শীতের মরসুমে পরিযায়ী ও স্থানীয় জলজ পাখির উপস্থিতি নির্ধারণ করতেই এই সমীক্ষার আয়োজন করা হয়েছে।

এদিন সকাল থেকেই বনকর্মী, পক্ষীবিদ, পরিবেশকর্মী ও বিজ্ঞান মঞ্চের স্বেচ্ছাসেবকরা দলবদ্ধভাবে বিভিন্ন জলাশয়, বনাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় পর্যবেক্ষণ শুরু করেন। দূরবীন ও ক্যামেরার মাধ্যমে পাখির প্রজাতি চিহ্নিত করা, সংখ্যা নথিভুক্ত করা এবং তাদের আচরণ পর্যবেক্ষণ করা হচ্ছে।

বন দপ্তর সূত্রে জানা গেছে, এই সমীক্ষার মাধ্যমে জলাভূমির পরিবেশগত অবস্থা, পরিযায়ী পাখির আগমন-প্রস্থান এবং জীববৈচিত্র্যের সামগ্রিক চিত্র পাওয়া যাবে। পাশাপাশি ভবিষ্যতে বন ও জলাভূমি সংরক্ষণে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করাও সহজ হবে।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক পার্থ প্রতীম ভদ্র জানান, সাধারণ মানুষের মধ্যে প্রকৃতি ও পাখি সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে এই পক্ষী সমীক্ষা ও শীতকালীন জলজ পাখি গণনার কাজ।








