
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ তীব্র শীতের দাপটে এ বছর এখনও রায়গঞ্জের আকাশ ও জলাভূমিতে প্রত্যাশিত সংখ্যায় পরিযায়ী পাখির আগমন হয়নি। এর জেরেই পিছিয়ে গেল রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলা শীতকালীন পাখি গণনার কাজ। সাধারণত জানুয়ারি মাসের শুরুতেই এই গণনা সম্পন্ন হলেও, চলতি বছরে আবহাওয়ার অস্বাভাবিকতার কারণে নির্ধারিত সময়সূচি পরিবর্তন করতে বাধ্য হল বন দপ্তর।

বন দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায় প্রবল শৈত্যপ্রবাহের ফলে পরিযায়ী পাখিদের স্বাভাবিক গতিপথে প্রভাব পড়েছে। ফলে কুলিক পাখি অভয়ারণ্য সহ রায়গঞ্জের বিভিন্ন জলাশয় ও খোলা প্রান্তরে এখনও সেভাবে পাখির সমাগম চোখে পড়ছে না। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা আরও কিছুটা স্থিতিশীল হলে পরিযায়ী পাখিদের আগমন বাড়তে পারে।

প্রতি বছর এই শীতকালীন পাখি গণনার মাধ্যমে পরিযায়ী ও স্থানীয় পাখির সংখ্যা, প্রজাতি বৈচিত্র্য এবং পরিবেশগত অবস্থার একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়। তাই এই গণনা পিছিয়ে যাওয়ায় গবেষক ও প্রকৃতি প্রেমীদের মধ্যেও কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।

বন দপ্তর জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শীঘ্রই নতুন তারিখ ঘোষণা করে শীতকালীন পাখি গণনার কাজ শুরু করা হবে। প্রকৃতি ও আবহাওয়ার ওপর নজর রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।








