
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ উত্তরবঙ্গবাসীর জন্য ফের বড় সুখবর! সদ্য হাওড়া–কামাখ্যা রুটে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণের প্রথম ট্রেন চালুর কথা ঘোষণা করেছে রেল। এর পরই রেল সূত্রে জোর জল্পনা—শিয়ালদহ থেকে বারাণসী এবং কলকাতা থেকে রাধিকাপুর রুটে চালু হতে পারে অমৃত ভারত এক্সপ্রেস। নতুন ট্রেন চালুর লক্ষ্যে ইতিমধ্যেই প্রয়োজনীয় সমীক্ষা সেরে ফেলেছে রেল কর্তৃপক্ষ। খুব শিগগিরই এই রুটগুলিতে নতুন ট্রেন চালুর আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে জানা যাচ্ছে।

চলতি বছরে পশ্চিমবঙ্গ ও অসম—দুই রাজ্যেই বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটের আবহে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বার্তা তুলে ধরতেই হাওড়া থেকে কামাখ্যা রুটে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার সংস্করণ চালুর সিদ্ধান্ত। পরীক্ষামূলক মহড়া দৌড়ে এই অত্যাধুনিক ট্রেন ঘণ্টায় ১৮০ কিলোমিটার গতিতে ছুটলেও, যাত্রী পরিবহণের সময় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে নির্দিষ্ট কিছু অংশে চলতে পারে।

নতুন এই ট্রেন চালু হলে উত্তরবঙ্গের পাশাপাশি গুয়াহাটির সঙ্গে যোগাযোগেও সময় সাশ্রয় হবে বলে মত রেল বিশেষজ্ঞদের। একই সঙ্গে রাজ্যের রেল মানচিত্রে থাকা গুরুত্বপূর্ণ ডিভিশনগুলির—হাওড়া, শিয়ালদহ, আসানসোল, মালদহ, আলিপুরদুয়ার, খড়গপুর ও আদ্রা—উন্নয়ন ঘিরে একাধিক নতুন প্রকল্প ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এসব ডিভিশন থেকে আরও কিছু নতুন ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে বলে রেল সূত্রে খবর।

বিশেষ করে উত্তরবঙ্গের কথা মাথায় রেখে কলকাতা–রাধিকাপুর রুটে অমৃত ভারত এক্সপ্রেস চালু হলে সাধারণ যাত্রীদের জন্য বড় সুবিধা হবে। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট রুটে ট্রেনটি চলবে। সাধারণ স্লিপার শ্রেণিতে এই নতুন ট্রেনগুলি বহু যাত্রীকে স্বল্প খরচে দূরপাল্লার যাত্রার সুযোগ করে দেবে—এমনটাই আশা সংশ্লিষ্ট মহলের।








