Explore

Search

August 9, 2026 4:26 pm

IAS Coaching

জাতীয় উপভোক্তা দিবসেও সচেতনতার বার্তা ক্রেতা সুরক্ষা দপ্তরের

#চন্দ্র নারায়ণ সাহা, ডালখোলা: জাতীয় উপভোক্তা দিবস উপলক্ষে ক্রেতা অধিকার ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে ডালখোলা শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর। প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপভোক্তা অধিকার, আইনগত সহায়তা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ-অধিকর্তা প্রবীর অধিকারী, মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. জয়িতা বসু-সহ অন্যান্য অধ্যাপক ও দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানের সূচনায় স্বাগত ভাষণ দেন ড. জয়িতা বসু। তিনি শিক্ষার্থীদের মধ্যে উপভোক্তা সচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

দিনটির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে সহ-অধিকর্তা প্রবীর অধিকারী বলেন, বর্তমান সময়ে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দ্রুত ও কার্যকর ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবছরের থিম—“Efficient and Speedy Disposal through Digital Justice”—এর উপর আলোকপাত করে তিনি উপভোক্তা আদালত ও অনলাইন অভিযোগ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন বিদ্যালয়ের মোট বারো জন ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি, দিনাজপুরের ঐতিহ্যবাহী গমীরা মুখোশ নৃত্যের মাধ্যমে উপভোক্তাদের সচেতনতার বার্তা তুলে ধরা হয়। এই মনোজ্ঞ পরিবেশনায় অংশগ্রহণ করেন ইটাহারের মাঙ্গলিকা শিল্পীগোষ্ঠী, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে। সমগ্র অনুষ্ঠানজুড়ে ক্রেতা অধিকার রক্ষা, সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল ন্যায়বিচারের গুরুত্বকে কেন্দ্র করেই ছিল আলোচনা ও উপস্থাপনা।

Advertisement
Live Cricket Score
upskillninja