
#মালবাজার: ওদলাবাড়ি নেতাজি অ্যাথলেটিক ক্লাব ও মোহন স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ৮ দলীয় রিনা ঘোষ উইনার্স পরশুরাম আগরওয়াল রানর্স আপ ও সুদাম মণ্ডল ফেয়ার প্লে ট্রফির নৈশ ফুটবল প্রতিযোগিতা আগামী ১ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। অন্যান্য বছরের মত এবারও বর্ণময় এই ফুটবল প্রতিযোগিতা ডুয়ার্সে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

টুর্নামেন্ট কমিটির সভাপতি তমাল ঘোষ সাংবাদিক বৈঠকে জানান, বিধানপল্লি ময়দানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জলপাইগুড়ির চাচা ব্যাটালিয়ন ও অসমের গ্লোবাল এফসি।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য দলগুলি হল— ডায়মন্ড হারবার এফসি, মণিপুরের স্টার স্পোর্টিং ক্লাব, নেপালের ধিমাল এফসি, কলকাতার বিবেকানন্দ কল্যাণ সমিতি, এনওয়াইসি সেবক এবং মালদার আদিবাসী ফুটবল ক্লাব।

প্রতিদিন রাত ৮টা থেকে খেলা শুরু হবে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। উদ্যোক্তারা জানান, প্রতিবছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই টুর্নামেন্টকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছে গোটা ওদলাবাড়ি এলাকা। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সদস্য অনুপ সাহা, সুকান্ত চৌধুরী, ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তোছরুল হক, সঞ্জু দে সরকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।








