#মালবাজার: সোমবার সন্ধ্যায় বাইকের ধাক্কায় মৃত্যু ঘটলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম খোকন রায় (৫৪)। তার বাড়ি মালবাজার শহরের আনন্দ পল্লী এলাকায়। ঘটনাটি ঘটেছে শহরের ১৫ নম্বর ওয়ার্ডের আনন্দ পল্লী এলাকায় একটি শনি মন্দিরের সামনে তিন মাথার মোড়ে। স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ খোকন রায় রাস্তা ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন।

সেই সময় মোহাম্মদ ইসলাম (২০) নামের এক যুবক চলন্ত বাইক নিয়ে এসে খোকন রায়কে ধাক্কা মারে। প্রচন্ড ধাক্কায় খোকন রায় রাস্তার উপর ছিটকে পড়েন। বাইক চালক বাইক সমেত একটি নালার মধ্যে গিয়ে পড়ে। দুজনেই গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। খোকন রায়ের আঘাত গুরুতর থাকায় কর্তব্যরত ডাক্তার তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

সেখানে নিয়ে যাওয়ার পথেই খোকন রায়ের মৃত্যু হয়। অপরদিকে বাইক চালক মোহাম্মদ ইসলামের হাসপাতালে চিকিৎসা চলে এবং পরে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর মঙ্গলবার সকালে অভিযোগের ভিত্তিতে মাল থানার পুলিশ বাইক চালক মোহাম্মদ ইসলামকে আটক করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।








