
#মালবাজার: বর্তমান সময়ে কন্যা সন্তান হলে অনেকেই খুশী মনে মেনে নিতে পারেন না। কেউ পরিত্যাগ করে, সদ্যজাতিকার হত্যার ঘটনার নজির রয়েছে। এইরকম পরিবেশে দ্বিতীয়বার কন্যা সন্তান হওয়ার পরেও খুশি হলেন পিতা। হাসপাতাল থেকে রীতিমতো গাড়ি সাজিয়ে কন্যাকে বরণ করে বাড়ি নিয়ে গেলেন। রবিবার এইরকম ঘটনা সাক্ষী থাকলো মাল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং আশেপাশের মানুষ।

মাল মহকুমা এলাকার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধোলাবাড়ি সেনপাড়ার বাসিন্দা ব্রজেন সেন। গত গত কয়েকদিন আগে তার স্ত্রী মাধুরী রায় মাল হাসপাতালে গর্ভবতী অবস্থায় ভর্তি হন। গত ৪ ডিসেম্বর তাদের একটি কন্যা সন্তান হয়। রবিবার হাসপাতাল থেকে শিশুসহ তার মাকে ছেড়ে দেওয়া হয়। ওই দম্পতি আগেও একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয়বার কন্যা সন্তান হলেও তারা কিন্তু অসুখী হয়নি। বরং লক্ষীর আগমন রূপে রীতিমতো গাড়ি সাজিয়ে হাসপাতাল থেকে মেয়েকে বাড়ি নিয়ে গেলেন গর্বিত পিতা। হাসপাতালে দাঁড়িয়ে ব্রজেন বাবু বলেন, কন্যা লক্ষী স্বরূপা, তাই আমি খুশি মা আর মেয়েকে নিয়ে যেতে এসেছি।

তিনি আলো বলেন, আমার আগের একটি কন্যা সন্তান রয়েছে। তাতে আমার খেদ নেই বরং আমি আনন্দিত। অনেকেই কন্যা সন্তান হলে দুঃখ প্রকাশ করেন। এটা ঠিক নয়, কয়েকদিন আগেই আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় রকম একটা ঘটনা ঘটেছিল। কন্যা সন্তান হওয়াতে হতাশ মা সদ্যোজাত কন্যাকে হত্যা করে। এটা ঠিক নয়, সন্তান সবই সমান। মানুষ করতে পারলে কন্যা সন্তান পিতা মাতার মুখ উজ্জ্বল করে। এটা সবার বোঝা দরকার। পেশায় মোটরসাইকেল মেকানিক ব্রজেন বাবু বর্তমান সময়ে এক দৃষ্টান্ত দেখালেন যা সত্যি অনুকরণীয়।









