
#চন্দ্র নারায়ণ সাহা, রায়গঞ্জঃ স্থায়ী চাকরি, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ও কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতার দাবিকে সামনে রেখে রবিবার দুপুরে রায়গঞ্জে অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলা কোঅরডিনেশন কমিটির জেলা সম্মেলন। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মচারী ও সংগঠনের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে যোগ দিয়ে রাজ্য কোঅরডিনেশন কমিটির কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাবলু ঘোষ বলেন, চুক্তিভিত্তিক নিয়োগ নয়—স্থায়ী চাকরির দাবিতেই তাঁদের আন্দোলন। তাঁর কথায়, “প্রায় ছয় লক্ষ পদ খালি পড়ে থাকলেও সরকার নিয়োগ করছে না। আমরা স্বচ্ছ নিয়োগ ও স্থায়িত্ব চাই।” পাশাপাশি কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা প্রদানের দাবি তুলে ধরে তিনি জানান, কেন্দ্রীয় সরকার যেখানে অষ্টম বেতন কমিশন চালু করেছে, সেখানে রাজ্য সরকার এখনও পঞ্চম বেতন কমিশনের ডিএ পর্যন্ত পুরোপুরি দিতে পারছে না। এসব বিষয় নিয়েই সম্মেলনে বিশদ আলোচনা হবে বলে জানান তিনি।

সংগঠন সূত্রে জানা গেছে, আগামী ১০ থেকে ১২ জানুয়ারি নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতি হিসেবেই বর্তমানে ব্লক, মহকুমা ও জেলা স্তরে একের পর এক সম্মেলন আয়োজন করা হচ্ছে। রায়গঞ্জের এই জেলা সম্মেলন সেই প্রস্তুতিরই গুরুত্বপূর্ণ অঙ্গ বলে জানান সংগঠনের নেতৃত্ব। সম্মেলনে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও আন্দোলনের রূপরেখা নিয়েও আলোচনা হয় বলে জানা যায়।









